কল্যাণ পার্টির ইবরাহিমের ঈদ–আড্ডায় ফখরুল, জি এম কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের ‘ঈদ–আড্ডায়’ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জি এম কাদের, নুরুল হক ও জোনায়েদ সাকি
ছবি: প্রথম আলো

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের ‘ঈদ–আড্ডায়’ অংশ নিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা।

বৃহস্পতিবার রাতে গুলশানের ইমানুয়েলস মিলনায়তনে এই ঈদ–আড্ডার আয়োজন করা হয়। এতে মির্জা ফখরুল, জি এম কাদের, গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ ইবরাহিম ও মহাসচিব আবদুল আউয়াল মামুন শুভেচ্ছা বক্তব্য দেন।

বিএনপির মহাসচিব বলেন, ‘বাংলাদেশের ৮০ ভাগ মানুষের নেতৃত্বদানকারী সব রাজনৈতিক নেতাকে আজকের আড্ডায় পেয়ে মনে হচ্ছে, এখান থেকেই আগামীর রাজনীতির নতুন কিছু হবে। আমরা সবাই একটা পরিবর্তনের জন্য অপেক্ষা করছি; নতুন দিনের জন্য অপেক্ষা করছি।’

মির্জা ফখরুল বলেন, ‘আজকের এই আড্ডা থেকে মনে করি, নতুন করে আশা তৈরি হবে। সবাই অপেক্ষা করছে পরিবর্তনের জন্য যে, সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র কীভাবে বিনির্মাণ করা যাবে। নিশ্চয়ই আমরা এমন একটি বাসভূমি বিনির্মাণ করতে সক্ষম হব, যার স্বপ্ন আমরা দেখেছিলাম ১৯৭১ সালে।’

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘আমরা অনেক দিন একটি রাজনৈতিক সংস্কৃতি দেখছি, যেটাকে আমার কাছে সুখকর মনে হয়নি। সেটি হচ্ছে, রাজনৈতিক নেতারা পরস্পরের প্রতিপক্ষ নয়, শত্রু  হয়ে দাঁড়িয়েছি। একজনের অস্তিত্বই আরেকজনের কাছে অসহনীয় মনে হচ্ছে।’ তিনি বলেন, এটা থেকে আমাদের উদ্ধার হওয়া দরকার। রাজনীতিতে নিজস্ব মত থাকবে, সেটিকে সবার সম্মান জানাতে হবে—এটাই গণতান্ত্রিক চর্চা।

উপস্থিত রাজনৈতিক নেতাদের উদ্দেশে গণ অধিকার পরিষদের নুরুল হক বলেন, সারা দেশে একটি গণ–অভ্যুত্থান সৃষ্টির জন্য আলোচনায় বসুন; সব বিরোধী দলের সঙ্গে সমঝোতায় পৌঁছান। এক সপ্তাহের মধ্যে সরকার নতিস্বীকার করবে, পরাজয় বরণ করবে।

ঈদ–আড্ডায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির আবদুল মঈন খান ও নজরুল ইসলাম খান, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান (মান্না), জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, গণফোরামের মোস্তফা মোহসিন (মন্টু), গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, জাতীয় দলের এহসানুল হুদা, বাংলাদেশ এলডিপির শাহাদাত হোসেন সেলিম, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, জমিয়তে ওলামায়ে ইসলামের মহিউদ্দিন ইকরাম, মেজর জেনারেল (অব.) আমসা আমিন, ব্যারিস্টার সারোয়ার হোসেন প্রমুখ। পরে তাঁরা নৈশভোজে অংশ নেন। অবশ্য মির্জা ফখরুল ও জি এম কাদের বক্তব্য দিয়ে চলে যান।