নতুন রাষ্ট্রপতির কাছে কোনো ‘প্রত্যাশা’ নেই বিএনপির: ফখরুল
নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে বিএনপির কোনো ‘প্রত্যাশা’ নেই বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বরং প্রধানমন্ত্রীর এককভাবে রাষ্ট্রপতি নিয়োগ থেকে বোঝা যায়, সরকারের ইচ্ছা একটাই—যেভাবে হোক, রাষ্ট্রযন্ত্রকে নিয়ন্ত্রণ করে তারা আবারও রাষ্ট্রক্ষমতা দখলে রাখতে চায়।
দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন শপথ নেওয়ার পর আজ সোমবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপে মির্জা ফখরুল এ কথা বলেন।
নতুন রাষ্ট্রপতি নিয়ে আপনাদের প্রত্যাশা কী, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা কিছুটা হতাশ হয়েছি যে যাঁকে চিনি না, যাঁকে জাতি জানে না—এ সম্পর্কে খুব বেশি কিছু বলতেও পারব না। এ ধরনের একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে নিয়ে আসা—এটা আমাদের কাছে পরিষ্কার নয়।’ তিনি বলেন, অতীতে যাঁদের রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হয়েছে, তাঁরা রাজনীতির সঙ্গে সম্পর্কিত, অভিজ্ঞ অথবা বিচক্ষণতাসম্পন্ন প্রধান বিচারপতি, গ্রহণযোগ্য অধ্যাপক, উপাচার্য—এমন বরেণ্য ব্যক্তিরা; যাঁদের গোটা দেশের মানুষ শ্রদ্ধা ও সম্মান করেন।
চলমান সংকট কাটিয়ে ওঠার ব্যাপারে নতুন রাষ্ট্রপতি কতটা ভূমিকা রাখতে পারবেন, তা নিয়ে সবাই সন্দিহান বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘পত্রপত্রিকায় তাঁর যে ব্যাকগ্রাউন্ড দেখেছি, এটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে বা দলের পক্ষ থেকে কোনো প্রশ্ন রাখিনি। কারণ, রাষ্ট্রপতি নিয়ে আমাদের আগ্রহটা কম। আমরা মূল জায়গাটায় যেতে চেয়েছি। নির্বাচন যদি গ্রহণযোগ্য না হয়, বিরোধী দল যদি অংশগ্রহণ করতে না পারে, একটা নিরপেক্ষ সরকারের অধীন যদি না হয়, তাহলে সবকিছুই অর্থহীন হয়ে যাবে।’
রাজনৈতিক সংকট সমাধানে নতুন রাষ্ট্রপতি সংলাপের উদ্যোগ নিলে বিএনপি যাবে কি না, এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘সরকারের বাইরে রাষ্ট্রপতির তো কিছু করার নেই। সরকার তো পরিষ্কার বলে দিচ্ছে, “নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে কোনো আলোচনা করব না।”’