পিরোজপুর–৩ আসনে বেসরকারি ফলে বিএনপির রুহুল আমিন দুলাল বিজয়ী
পিরোজপুর–৩ (মঠবাড়িয়া) আসনে বেসরকারিভাবে ধানের শীষ প্রতীকে রুহুল আমিন দুলাল বিজয়ী হয়েছেন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী শামীম হামিদীর চেয়ে ২৭ হাজার ১৭৫ ভোটে এগিয়ে আছেন।
রুহুল আমিন পেয়েছেন ৬৩ হাজার ৭৮৫ ভোট। আর এনসিপি প্রার্থী শামীম হামিদী শাপলা কলি প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৬১০ ভোট।
ইসলামী আন্দোলনের প্রার্থী রুস্তম আলী ফরাজী হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৯৬২ ভোট।
এই আসনে লাঙ্গল প্রতীকে মাসরেকুল আজম ১৬৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী তৌহিদুজ্জামান ফুটবল প্রতীকে ২৩১ ভোট এবং মোটরগাড়ি প্রতীকে করিম সিকদার ২১২ ভোট পেয়েছেন।
মঠবাড়ীয়া জেলা নির্বাহী কর্মকর্তা ও সরকারি রিটার্নিং কর্মকর্তা আকলিমা আক্তার এ ফল ঘোষণা করেন।
এ আসন মঠবাড়িয়া উপজেলা নিয়ে গঠিত। ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর ‘মানুষকে হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং নীতি ও আদর্শ-পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থেকে দলের শৃঙ্খলা ভঙ্গ করার কারণে’ দুলালকে দল থেকে বহিষ্কার করা হয়। অবশ্য পরে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
পোস্টাল কেন্দ্রসহ এই আসনে মোট ৮৬ টি কেন্দ্রে ভোট হয়েছে। উপজেলা প্রশাসন সরাসরি প্রাপ্ত ভোটের তথ্য ঘোষণা করেছে। জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল মান্নান পোস্টাল ব্যালটের ফলাফল ঘোষণা করেন।