বৈষম্যমূলক ব্যবস্থার অবসানে রূপরেখা দেখা যায় না বাজেটে: জাতীয় মুক্তি কাউন্সিল

বিবৃতিপ্রতীকী ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত বাজেট জুলাই গণ–অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করতে ব্যর্থ হয়েছে বলে মনে করে জাতীয় মুক্তি কাউন্সিল। তারা বলছে, দেশের আর্থসামাজিক ক্ষেত্রে যে চরম বৈষম্যমূলক ব্যবস্থা জারি রয়েছে তা অবসানের কোনো রূপরেখা প্রস্তাবিত এই বাজেটে দেখা যায় না।

মঙ্গলবার জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম এক বিবৃতিতে এসব কথা বলেছেন।  

গণ–অভ্যুত্থান বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষা জাগিয়েছিল উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, কর্মসংস্থান, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প ও কৃষি খাতকে অগ্রাধিকার দিতে এসব খাতে অধিক বরাদ্দ বৃদ্ধি দরকার ছিল। মূলত অতীতের বাজেটের ধারাবাহিকতায় এই বাজেট করা হয়েছে। এই কাঠামো অতিক্রম করতে না পারার মূল কারণ শাসকগোষ্ঠীর পরিবর্তন হলেও শাসকশ্রেণির পরিবর্তন হয়নি।

৭ লাখ ৯০ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ঋণনির্ভর নীতি অনুসরণ করেই করা হয়েছে বলে উল্লেখ করেছে জাতীয় মুক্তি কাউন্সিল। বিবৃতিতে বলা হয়েছে, এই বাজেটে অতীতের সরকারের মতোই কালোটাকাকে সাদা করার প্রস্তাব রাখা হয়েছে। উৎপাদন খাতে দেশীয় বড় শিল্পের কাঁচামালের ওপরে ভ্যাট বৃদ্ধির ফলে দেশের শিল্পবিকাশের গতি শ্লথ করা হয়েছে।

বাজেট প্রস্তাবের আগে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া প্রয়োজন ছিল উল্লেখ করে জাতীয় মুক্তি কাউন্সিল আরও বলেছে, কেননা জাতীয় সংসদের অনুপস্থিতিতে যে বাজেট এখানে প্রস্তাব করা হয়েছে, তা আরও জনস্বার্থ–সম্পর্কিত হতে পারত।