হৃদ্রোগে আক্রান্ত হয়ে ব্যাংককে চিকিৎসাধীন বিএনপির নেতা জহিরউদ্দিন স্বপন
হৃদ্রোগে আক্রান্ত হয়ে ব্যাংককের সামিটিভেজ হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির মিডিয়া সেলের প্রধান ও সাবেক সংসদ সদস্য জহিরউদ্দিন স্বপন।
বর্তমানে তিনি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) আছেন। তাঁর মূল রক্ত ধমনিতে রিং পরানো হয়েছে।
পারিবারিক সূত্র জানিয়েছে, স্বাস্থ্য পরীক্ষার জন্য জহিরউদ্দিন স্বপন ৫ আগস্ট রাতে ব্যাংককের সামিটিভেজ হাসপাতালে যান। পরীক্ষায় তাঁর মূল রক্তনালিতে বড় প্রতিবন্ধকতা ধরা পড়ে। চিকিৎসকেরা তাৎক্ষণিকভাবে তাঁর রক্ত ধমনিতে রিং পরান। এখন তিনি সুস্থ আছেন।
মঙ্গলবার বিকেলে জহিরউদ্দিন স্বপনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বিশেষ করে বিএনপির নেতা-কর্মী, সহকর্মী ও এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন।
বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, জহিরউদ্দিন স্বপনের অসুস্থতার খবর জেনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর সঙ্গে মুঠোফোনে কথা বলেছেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। এ ছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ, বিএনপির মিডিয়া সেলের সদস্যসচিব শহীদ উদ্দীন চৌধুরী মুঠোফোনে তাঁর সঙ্গে কুশল বিনিময় করেছেন। মিডিয়া সেলের সদস্যদের অনেকে নিয়মিত তাঁর খবর রাখছেন।