সরকার মানুষের অসুস্থ হওয়ার সময়ও বেঁধে দিতে চায়: মান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না
ফাইল ছবি: প্রথম আলো

সরকার মানুষের অসুস্থ হওয়ার সময়ও বেঁধে দিতে চায় বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান (মান্না)। তিনি আজ মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, ওষুধের দোকান খোলা রাখার সময় বেঁধে দিয়ে সরকার জনগণের চিকিৎসার অধিকারও কেড়ে নেওয়ার ব্যবস্থা করছে।

মাহমুদুর রহমান বলেন, মানুষ দিন–রাতের কোন সময়ে গুরুতর অসুস্থ হবে, এ কথা কেউ বলতে পারে না। গভীর রাতে অসুস্থ হলে তখনই তাঁর ওষুধের দরকার হতে পারে, অস্ত্রোপচারের জন্য ওষুধসহ অন্যান্য চিকিৎসা সরঞ্জামের প্রয়োজন হতে পারে।

ওষুধ কেনা নিয়ে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের সময়সীমা বেঁধে দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি। তিনি বলেন, ‘এই জনবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।’

মাহমুদুর রহমান বলেন, ‘দক্ষিণ সিটি করপোরেশন বলেছে, ওষুধ যা কেনার রাত ১২টার আগে কিনে রাখতে হবে। হাসপাতালের রোগীদের জন্য প্রয়োজনীয় ওষুধ রাত দুইটার আগে কিনে রাখতে হবে। মানুষ কখন অসুস্থ হবে, কখন ওষুধ কিনবে, কখন ওষুধ খাবে—সেই সময় বেঁধে দেওয়ার কোনো এখতিয়ার নেই সরকারের।’

সরকার ব্যর্থতার দায় জনগণের ওপর চাপাচ্ছে বলে মন্তব্য করেছেন মাহমুদুর রহমান। তিনি বলেন, ‘সীমাহীন লুটপাট, দুর্নীতি, বিদেশে অর্থ পাচারের মাধ্যমে অবৈধ ক্ষমতাসীন সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। এক স্বাস্থ্য বিভাগের দুর্নীতির মাধ্যমেই এই সরকার এবং তাদের মদদপুষ্টরা হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে। আর এখন বিদ্যুৎ, জ্বালানি সাশ্রয়ের নামে মানুষের জীবন রক্ষাকারী ওষুধ ক্রয়ের সময়সীমা বেঁধে দিচ্ছে।’

মাহমুদুর রহমান বলেন, এই সরকারের হাতে মানুষের জীবন নিরাপদ নয়। এই সরকার দেশের অর্থনীতিকে দেউলিয়া করেছে। আর তাদের দেউলিয়াত্বের বোঝা জনগণের ওপর চাপাচ্ছে।