বাদ জুমা দোয়া কর্মসূচি পালন করবে বিএনপি

বিএনপির লোগোবিএনপির লোগো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুলসংখ্যক আসনে নির্বাচিত হয়েছে দাবি করে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে দলটি। একই সঙ্গে বাদ জুমা মসজিদে মসজিদে দোয়া কর্মসূচি পালনের ঘোষণা করেছে বিএনপি।
বৃহস্পতিবার দিবাগত রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাদ জুমা “গণতন্ত্রের মা” সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও দেশবাসীর প্রতি শুভকামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী মসজিদে মসজিদে জুমার নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হবে।’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় বিএনপির পক্ষ থেকে কোনো আনন্দ মিছিল কিংবা কোনো সভা করা যাবে না।

ঢাকাসহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতা–কর্মী ও সাধারণ জনগণকে দেশব্যাপী মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।

একই সঙ্গে সারা দেশে মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে নিজ নিজ ধর্মীয় সম্প্রদায়ের মানুষদের সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করার জন্য অনুরোধ করেছে বিএনপি।