প্রধানমন্ত্রীর প্রতি বাজার সিন্ডিকেট দমনের আহ্বান ইনুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডা. শামসুল আলম খান মিলনের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন হাসানুল হক ইনু
ছবি: সংগৃহীত

বৈশ্বিক সংকটে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের অর্থনীতিতেও সংকট তৈরি হয়েছে। এ সংকট মোকাবিলায় দুর্নীতিবাজ ও বাজার সিন্ডিকেটকে শক্ত হাতে দমন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

নব্বইয়ের গণ–অভ্যুত্থানে শহীদ জাসদ নেতা ডা. শামসুল আলম খান মিলনের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন হাসানুল হক ইনু। আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে এই সভা হয়।

এ সময় হাসানুল হক ইনু বলেন, বিএনপির ক্ষমতা পুনর্দখলের আন্দোলন দেশকে সংবিধানের বাইরে ফেলে দিয়ে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করা এবং জঙ্গিবাদীদের রাজনীতির মাঠে পুনঃপ্রতিষ্ঠা করার পথে এগোচ্ছে। অসাংবিধানিক সরকার আনার অপরাজনীতি রুখে দিয়ে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানই দেশের সাংবিধানিক গণতান্ত্রিক রাজনৈতিক ধারার প্রধান কর্তব্য বলে মন্তব্য করেন তিনি।

আলোচনা সভায় জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, শহীদ ডা. শামসুল আলম খান মিলন স্কুলজীবন থেকেই সমাজতন্ত্রের দীক্ষা নিয়েছিলেন। সমাজ বদল ও গণতান্ত্রিক প্রগতিশীল আন্দোলনে সামনের কাতারে থেকে ভূমিকা রেখেছেন। সমাজতন্ত্রের আদর্শের শক্তিতে বলিয়ান হয়েই ডা. মিলন আত্মবলিদানের পথে এগিয়ে যাওয়ার দুঃসাহসিকতা অর্জন করেছিলেন।

সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন জাসদের সহসভাপতি মীর হোসাইন আখতার ও শফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান, নইমুল আহসান, মো. মোহসীন ও ওবায়দুর রহমান, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সভাপতি ইদ্রিস ব্যাপারী, ঢাকা মহানগর পশ্চিম জাসদের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির, বাংলাদেশ ছাত্রলীগ (ন-মা) কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশিদুল হক প্রমুখ।

সভার শুরুতে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। সভা থেকে মিলন দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল রোববার সকাল ছয়টায় দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত করে রাখা। সকাল আটটায় ঢাকা মেডিকেল কলেজে শহীদ ডা. মিলনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা। এরপর সকাল সাড়ে আটটায় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি–সংলগ্ন শহীদ ডা. মিলন সৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে।