অগণতান্ত্রিক আইন করে মানুষের কণ্ঠকে স্তব্ধ করা হচ্ছে
একের পর এক অগণতান্ত্রিক আইন করে মানুষের কণ্ঠকে স্তব্ধ করা হচ্ছে বলে অভিযোগ করেছে বাম গণতান্ত্রিক জোট। জোটের নেতারা বলছেন, সরকার উন্নয়নের যে ঢাক পিটাচ্ছে, তার নিচে চাপা পড়ছে জনগণের চাপা কান্না। দেশে বাক্স্বাধীনতা ও সভা–সমাবেশের স্বাধীনতা নেই। সিন্ডিকেটের দৌরাত্ম্যে চালসহ নিত্যপণ্যের ঊর্ধ্বগতি জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে।
সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে বাম গণতান্ত্রিক জোটের নেতারা এসব কথা বলেন। বর্তমান সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীন সুষ্ঠু নির্বাচন, নিত্যপণ্যের দাম কমানো এবং বিদ্যুৎ ও গ্যাসের আবার দাম বাড়ানোর পাঁয়তারা বন্ধের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার ৫১ বছর পার হলেও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা, মানুষের গণতান্ত্রিক অধিকার বাস্তবায়িত হয়নি। স্বাধীনতার পর থেকেই মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে দেশ পরিচালনা করায় দেশের এ অবস্থা হয়েছে।
বক্তারা অভিযোগ করে বলেন, দেশে অর্থনৈতিক সংকট চরম আকার ধারণ করেছে। ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত না দিয়ে বিদেশে পাচার করা হচ্ছে। সরকারের ভুলনীতি, দুর্নীতি ও অপচয়ের ফলে দফায় দফায় বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানির দাম বাড়ানো হচ্ছে।
তাঁরা আরও বলেন, করোনার আঘাত কাটিয়ে উঠতে না উঠতেই মূল্যস্ফীতি চরম আকার নিয়েছে। এ অবস্থায় বিদ্যুতের মূল্যবৃদ্ধি হবে মড়ার উপর খাঁড়ার ঘায়ের শামিল।
মূল্যবৃদ্ধি, মূল্যস্ফীতির কষাঘাতে জর্জরিত মানুষের ভোটাধিকার বর্তমান সরকার কেড়ে নিয়েছে উল্লেখ করে বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলেন, এ অবস্থা থেকে দেশ ও জনগণকে মুক্তি পেতে হলে বর্তমান সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীন নির্বাচন অনুষ্ঠানের বিকল্প নেই।
বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য আবদুর সাত্তার, বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা, সমাজতান্ত্রিক আন্দোলনের নির্বাহী সভাপতি আবদুল আলী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির আমেনা বেগম প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পল্টন মোড়ে এসে শেষ হয়।