যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে ১৭ এপ্রিল সমাবেশ

ছবি: গণতান্ত্রিক অধিকার কমিটির ফেসবুক পেজ থেকে

অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে সমাবেশের ঘোষণা দিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি। ১৭ এপ্রিল ঢাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার রাজধানীতে অনুষ্ঠিত গণতান্ত্রিক অধিকার কমিটির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় গণতান্ত্রিক সংস্কার এবং আটক শিক্ষার্থী তাসনিম আফরোজসহ সব মিথ্যা মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবি জানানো হয়।

সভায় বক্তারা বলেন, গত ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘রেসিপ্রোক্যাল ট্রেড অ্যাগ্রিমেন্ট’ নামে যে বাণিজ্যচুক্তি স্বাক্ষর করেছে, তা দেশের অর্থনীতি ও সার্বভৌমত্বের জন্য গভীর উদ্বেগজনক। তাঁরা দাবি করেন, চুক্তির ফলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন এবং দেশের বিপুল জনগোষ্ঠীর জীবিকা হুমকির মধ্যে পড়তে পারে।

বক্তারা আরও বলেন, জাতীয় সংসদে আলোচনা ছাড়া এ ধরনের চুক্তি স্বাক্ষর অগণতান্ত্রিক এবং তা বাতিলে সংসদের কার্যকর ভূমিকা প্রয়োজন। তাঁদের অভিযোগ, নির্বাচনের আগে জনগণের মতামত উপেক্ষা করে সরকার ‘গায়ের জোরে’ এই চুক্তি করেছে।

সভায় গণতান্ত্রিক সংস্কারের ক্ষেত্রে সরকারের ‘উল্টো যাত্রা’ নিয়ে সমালোচনা করা হয়। রাষ্ট্রীয় দমন-পীড়নের ঘটনা অব্যাহত রয়েছে বলেও উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসনিম আফরোজকে সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে অবিলম্বে তাঁর মুক্তি দাবি করেন। একই সঙ্গে হয়রানিমূলক ও মিথ্যা মামলায় আটক অন্যদের মুক্তির দাবিও জানান।

সভায় বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন সিদ্ধান্ত ও ভূমিকা পর্যালোচনা করে তা জনসমক্ষে তুলে ধরা এবং এ বিষয়ে মতবিনিময়ের কর্মসূচি গ্রহণের কথাও জানানো হয়। এ ছাড়া ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানিয়ে বিশ্বব্যাপী প্রতিবাদকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন বক্তারা।

অধ্যাপক আনু মুহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গণতান্ত্রিক অধিকার কমিটির হারুন উর রশীদ, দীপা দত্ত, মাহা মির্জা, মোশাহিদা সুলতানা, চৌধুরী মুফাদ আহমেদ, মানস নন্দী, মাহতাব উদ্দীন আহমেদ, ফেরদৌস আরা রুমী, সালমান সিদ্দীকি, রাফিকুজ্জামান ফরিদ, সত্যজিৎ বিশ্বাস, ছায়েদুল হক, সদরুল রিপন, আবদুল্লাহ মাহফুজ, সীমা দত্ত, সুস্মিতা রায়, নাজমুস সাকিবসহ অনেকে বক্তব্য দেন।