আওয়ামী লীগ গণতান্ত্রিক অধিকার কুক্ষিগত করেছে: গণতন্ত্র মঞ্চ
আওয়ামী লীগ সাংবিধানিক ব্যবস্থাকে ব্যবহার করে রাজনৈতিক অধিকার, ভোটাধিকারসহ সব গণতান্ত্রিক অধিকার কুক্ষিগত করেছে। ফলে দেশে সীমাহীন লুটপাট ও ক্ষমতার একচ্ছত্র কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে। মানুষ এই কর্তৃত্ববাদী একদলীয় শাসন আর মেনে নেবে না। পরিবর্তনের জন্য ক্ষমতা কাঠামোর সাংবিধানিক সংস্কার দরকার।
আজ বুধবার বেলা ১১টায় চট্টগ্রাম নগরে গণতন্ত্র মঞ্চের সমাবেশে বক্তারা এসব কথা বলেন। চট্টগ্রাম নগরের পুরোনো রেলস্টেশন চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ১৯৭৫ সালের জানুয়ারিতে সংবিধানের চতুর্থ সংশোধনী বাস্তবায়নের মাধ্যমে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সংসদীয় ব্যবস্থাকে বিলুপ্ত করে রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থা প্রবর্তন করে। এর মাধ্যমে সব রাজনৈতিক দলকে বিলুপ্ত করে একদলীয় শাসনব্যবস্থা তথা বাকশাল কায়েম করা হয়।
গণতন্ত্র মঞ্চ চট্টগ্রাম জেলার আহ্বায়ক ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) স্থায়ী কমিটির সদস্য জবিউল হোসেনের সভাপতিত্বে ও গণসংহতি আন্দোলনের চট্টগ্রাম জেলার সদস্যসচিব ফরহাদ জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়ক হাসান মারুফ, নাগরিক ঐক্যের আহ্বায়ক এম এম মুন্না চৌধুরী, রাষ্ট্র সংস্কার আন্দোলনের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক আবদুল্লাহ মহিউদ্দিন, চট্টগ্রাম নগর ভাসানী অনুসারী পরিষদের সাধারণ সম্পাদক সেলিম নূর, ছাত্র অধিকার পরিষদের চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক রিদোয়ান সিদ্দিকী প্রমুখ।
সমাবেশ শেষে একটি মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কদমতলী মোড়ে এসে শেষ হয়।