প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিতে যমুনায় যুগপৎ আন্দোলনের নেতারা
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে অংশ নিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গেছেন যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া বিএনপির মিত্র রাজনৈতিক দল ও জোটের শীর্ষ নেতারা। আজ সোমবার সন্ধ্যায় যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া শরিক দলগুলোর নেতাদের একে একে যমুনায় প্রবেশ করতে দেখা যায়।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সন্ধ্যা সাড়ে সাতটায় যমুনায় এ বৈঠক শুরু হওয়ার কথা। সরকার গঠনের পর এই প্রথম যুগপৎ আন্দোলনের মিত্রদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠকে অংশ নিতে যাওয়া নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা বিনিময়ের জন্য বৈঠকের আয়োজন করা হয়েছে। তবে নেতারা মনে করছেন, নির্বাচনের পর পরিবর্তিত পরিস্থিতিতে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর সঙ্গে বিএনপির বর্তমান সম্পর্ক নিয়েও আলোচনা হতে পারে।
যমুনায় যাওয়া নেতাদের মধ্যে আছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ভাসানী জনশক্তি পার্টির নেতা শেখ রফিকুল ইসলাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এবং দলটির নেতা ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। এ ছাড়া আরও কয়েকটি দলের নেতারাও এ বৈঠকে অংশ নিচ্ছেন।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রথম আলোকে বলেন, ‘আমাদের আনুষ্ঠানিক চিঠিতে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কথা বলা হয়েছে। তবে যুগপৎ আন্দোলনের যারা শরিক দল, তাদের সঙ্গে বিএনপির বর্তমান সম্পর্ক কতটা আগের মতো আছে, আলোচনায় বিষয়টিও প্রাধান্য পাবে বলে আমি মনে করছি।’
বৈঠক উপলক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ কয়েকজন শীর্ষস্থানীয় নেতাকে যমুনায় প্রবেশ করতে দেখা গেছে।