মুক্তিযুদ্ধে যাদের মুখোশ উন্মোচিত হয়েছিল, আজ তারা নতুন করে ভোটের মাঠে: রুহিন হোসেন

খুলনা-১ আসনে সিপিবির প্রার্থী কিশোর কুমার রায়ের সমর্থনে গণসংযোগ ও পথসভা করেন দলটির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেনসহ নেতা-কর্মীরা। দাকোপ, খুলনা। ২ ফেব্রুয়ারি ২০২৬ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধের বাংলাদেশকে গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা ও শোষণমুক্তির পথে এগিয়ে নিয়ে যেতে হবে বলে উল্লেখ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স)। সোমবার খুলনার দাকোপে এক পথসভায় তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় এদের অনেকের মুখোশ উন্মোচিত হয়ে গেছে। আজ তারা নতুন করে ভোটের মাঠে নেমেছে। এদের পরাজিত করতে হবে।

খুলনা-১ আসনে সিপিবির ‘কাস্তে’ মার্কার প্রার্থী কিশোর রায়ের সমর্থনে দিনভর দাকোপ উপজেলার বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ করেন রুহিন হোসেন। সেখানে তিনি বলেন, সাম্প্রদায়িক অপশক্তি তাদের মুখোশ নতুন করে আবার উন্মোচন করেছে। এরা নারীবিদ্বেষী। তারা নারীদের ঘরে বন্দী করে রাখতে চায়। এরা গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা ও শোষণমুক্তির সংগ্রামের দুশমন।

দক্ষিণাঞ্চলে পরিবেশ ধ্বংসকারী উন্নয়ন কর্মকাণ্ডের সমালোচনা করে রুহিন হোসেন বলেন, সুন্দরবনকে নানাভাবে ধ্বংস করা হচ্ছে এবং এ অঞ্চলকে অবহেলিত করে রাখা হয়েছে।

তিনি বলেন, এ অবস্থা থেকে মুক্তি পেতে উন্নয়ন দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করতে হবে। কমিউনিস্টরা ক্ষমতায় গিয়ে সেই কাজটি করতে চায়।

গণসংযোগ ও পথসভায় খুলনা-১ আসনের সিপিবি প্রার্থী কিশোর রায় ছাড়া দলটির জেলা পর্যায়ের নেতা এবং ছাত্র ইউনিয়নের একাংশের কেন্দ্রীয় সভাপতি মাহির শাহরিয়ারসহ অন্যরা উপস্থিত ছিলেন।