আ.লীগকে ক্ষমতাচ্যুত করার ক্ষমতা বিএনপির নেই: যুবলীগ চেয়ারম্যান
আওয়ামী লীগের সরকারকে ক্ষমতাচ্যুত করার শক্তি বিএনপি–জামায়াতের নেই বলে মন্তব্য করেছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। তিনি বলেন, রাজপথে বিএনপিকে এক ইঞ্চিও ছাড় দেওয়া হবে না।
আজ বুধবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ‘বিএনপি-জামাতের নৈরাজ্য ও তাণ্ডবের প্রতিবাদে’ ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত ‘শান্তি সমাবেশে’ এসব কথা বলেন যুবলীগের চেয়ারম্যান।
যুবলীগের চেয়ারম্যানের দাবি, বিএনপি নেতাদের দেশ পরিচালনার অধিকার কিংবা ক্ষমতা কোনোটিই নেই। কারণ, দলটির চেয়ারম্যান দুর্নীতির দায়গ্রস্ত।
জঙ্গিবাদ নির্মূল পুলিশ বাহিনীর কৃতিত্ব উল্লেখ করে ফজলে শামস্ বলেন, ‘যুবসমাজ বিএনপি নেতাদের সাবধান করে দিচ্ছে। পুলিশের ওপর চড়াও হওয়ার চেষ্টা করবেন না।’
যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নেতা–কর্মীদের বলেন, অতীতে কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথ আগলে রেখে যেভাবে শেখ হাসিনার নির্দেশিত পথে কাজ করছেন, নির্বাচনেও সেই সাহসিকতা আর বীরত্বের সঙ্গে রাজপথে থাকতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন। সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম।
সমাবেশে উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ, মঞ্জুর আলম, হাবিবুর রহমান, মো. নবী নেওয়াজ, মো. মোয়াজ্জেম হোসেন, মৃনাল কান্তি জোদ্দার, জসিম মাতুব্বর, জয়দেব নন্দী, মোস্তাফিজুর রহমান প্রমুখ।