চাঁদপুরে এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের ২০০ নেতা-কর্মী
চাঁদপুরে বিভিন্ন দলের ২০০ নেতা–কর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে চারজন বীর মুক্তিযোদ্ধাও রয়েছেন। আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর ডিগ্রি কলেজ মাঠে এনসিপি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসব নেতা–কর্মী যোগদান করেন।
অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব মোহাম্মদ নিজামউদ্দিন, চাঁদপুর জেলা এনসিপির আহ্বায়ক মাহবুবুল আলম, সদস্যসচিব আমানউল্লাহ পাটওয়ারী উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন ছাত্রশক্তি, যুবশক্তি, নারীশক্তি ও শ্রমিকশক্তি এবং এনসিপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতা–কর্মীরা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, যোগদানকারীদের মধ্যে বিএনপি, গণ অধিকার পরিষদ, আপ বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতা–কর্মীরা রয়েছেন। যে চারজন বীর মুক্তিযোদ্ধা যোগদান করেছেন, তাঁরা হলেন আবু বকর সিদ্দিক, ওসমান গনি, রমিজ উদ্দিন ও মোহাম্মদ আলী। তাঁদের মধ্যে একজন মুক্তিযুদ্ধকালীন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বলেও জানানো হয়েছে।
অনুষ্ঠানে নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, জনগণের অধিকার প্রতিষ্ঠা, তরুণদের নেতৃত্ব বিকাশ এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি নবাগত নেতা–কর্মীদের জনগণের সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার আহ্বান জানান।