চট্টগ্রামে বিএনপির কার্যালয়ের সামনে থেকে পাঁচ কর্মীকে আটকের কথা জানিয়েছে পুলিশ। তবে বিএনপি নেতাদের দাবি, ১০ জনকে ধরে নিয়ে গেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ২টার দিকে নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটেছে।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে দলের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নেতা–কর্মীরা কার্যালয় থেকে মাহফিল শেষ করে বের হওয়ার সময় পুলিশ অভিযান শুরু করে।
মহানগর বিএনপির দপ্তরের দায়িত্ব থাকা মোহাম্মদ ইদ্রিস আজ দুপুরে প্রথম আলোকে বলেন, দোয়া মাহফিল শেষ হতে না হতেই পুলিশ অভিযান শুরু করে। তিনি নিজেসহ কয়েকজন নেতা কোনোক্রমে পুলিশের হাত থেকে বেঁচে যান। তাঁর দাবি, পুলিশ তাঁদের কমপক্ষে ১০ জন কর্মীকে ধরে নিয়ে যায়।
জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির প্রথম আলোকে আজ বলেন, গত সোমবার পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় হওয়া মামলার আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালিয়েছে। তাদের কর্মসূচিতে কোনো বাধা দেয়নি পুলিশ। দলীয় কার্যালয়ে কর্মসূচি শেষ হওয়ার পর চারজনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
গত সোমবার বেলা সাড়ে তিনটায় নগরের কাজীর দেউড়ি এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এতে আহত হন ৫ পুলিশ সদস্য ও বিএনপির ২৫ নেতা–কর্মী। প্রায় আধা ঘণ্টা চলা এই সংঘর্ষে ভাঙচুর হয় প্রায় ১০টি গাড়ি। আগুনে পুড়িয়ে দেওয়া হয় পুলিশের একটি মোটরসাইকেলও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ।
সংঘর্ষের ঘটনায় পুলিশ নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্যসচিব আবুল হাশেমসহ ১৫৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ১ হাজার ৩০০ জনকে আসামি করে চারটি মামলা করে কোতোয়ালি থানায়। গতকাল বুধবার পর্যন্ত এসব মামলায় পুলিশ ২৫ জনকে গ্রেপ্তার করে।