দেশ থেকে অপরাজনীতি যেন চিরতরে দূর হয়: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদছবি: বাসস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ থেকে অপরাজনীতি চিরতরে দূর করা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করার প্রার্থনা করলেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘মহান আল্লাহর কাছে প্রার্থনা, আমাদের দেশে যে সম্প্রীতি আছে, সেই সম্প্রীতির বন্ধনকে যেন আরও দৃঢ় করতে পারি। একই সঙ্গে আমাদের দেশ থেকে অপরাজনীতি যেন চিরতরে দূর হয়।’

বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় নিজ গ্রাম সুখবিলাসে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে দেশবাসী ও প্রবাসীদের প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনের মুসলমানদের সেখানে নির্বিচার হত্যা করা হচ্ছে। নারী ও শিশুদের হত্যা করা হচ্ছে। সেখানে যেন অবিলম্বে শান্তি স্থাপিত হয়। সেখানে ইসরায়েল যে বর্বরতা চালাচ্ছে, সে বর্বরতার যেন চির অবসান হয়। এটি মহান আল্লাহর কাছে প্রার্থনা।

নির্বাচনী এলাকার জনসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় হাছান মাহমুদ গণমাধ্যমকর্মীদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে শান্তি স্থিতি বিরাজমান এবং বাংলাদেশ যে পৃথিবীর সামনে উন্নয়নের রোল মডেল হিসেবে উপস্থাপিত হয়েছে, এই উন্নয়ন অগ্রগতি যেন আরও বেগবান হয়।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান সবার সম্মিলিত রক্তস্রোতের বিনিময়ে আমাদের এই দেশ রচিত হয়েছে। এই দেশ থেকে যেন সমস্ত সাম্প্রদায়িক অপশক্তির বিনাশ ঘটে। এই দেশে যেন সব সম্প্রদায় ও সব মত-পথের মানুষ একসঙ্গে মিলেমিশে দেশের উন্নয়ন অগ্রগতির জন্য কাজ করতে পারি।’