জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্বের ওপর আদালতের দেওয়া অস্থায়ী নিষেধাজ্ঞা প্রশ্নে জি এম কাদেরের করা আপিলের গ্রহণযোগ্যতা বিষয়ে পুনরায় শুনানি করবেন আদালত। ঢাকার জেলা ও দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া আজ সোমবার এ আদেশ দেন। জি এম কাদেরের আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।
একটি আবেদনের শুনানি নিয়ে গত ৩০ অক্টোবর ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত জাপার চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দলীয় কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ ও দায়িত্ব পালন থেকে বিরত রাখতে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছিলেন। এই আদেশ খারিজ চেয়ে আবেদন করেছিলেন জি এম কাদের। সেটিও খারিজ হয়ে যায়। পরে খারিজের ওই আদেশ চ্যালেঞ্জ করে গত ২৩ নভেম্বর ঢাকার জেলা জজ আদালতে এই আপিল আবেদন করেন জি এম কাদের।
আইনজীবী সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, দলীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যানের ওপর আদালতের দেওয়া অস্থায়ী নিষেধাজ্ঞা খারিজ আদেশের বিরুদ্ধে করা বিবিধ আপিল আবেদন বিষয়ে গত ৯ জানুয়ারি শুনানি গ্রহণ করেন আদালত। পরে ১৫ জানুয়ারি (রোববার) আদেশের জন্য দিন ধার্য করেন। তবে ওই দিন কোনো আদেশ হয়নি। আজ সোমবার আদালতের দৈনন্দিন কার্যতালিকা থেকে জানা গেছে, আগামী বৃহস্পতিবার আপিল আবেদনের গ্রহণযোগ্যতার বিষয়ে পুনরায় শুনানি গ্রহণ করবেন।