একই দিনে পাল্টা কর্মসূচি বাদ দিন: আওয়ামী লীগকে মির্জা আব্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মহানগর পুলিশ বিএনপিকে আগামীকাল নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি দেওয়ার পর সংবাদ সম্মেলন করেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস
আজ বৃহস্পতিবার নয়াপল্টনে ছবি: সংগৃহীত

বিএনপির সভা–সমাবেশের দিন পাল্টা কর্মসূচি পালন করা থেকে বিরত থাকতে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পাশাপাশি বিএনপির মহাসমাবেশে যোগ দিতে ঢাকায় আসতে থাকা নেতা–কর্মীদের বাধা না দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেট্টোপলিটন পুলিশের পক্ষ থেকে আগামীকাল শুক্রবার নয়াপল্টনে বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। এরপর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মির্জা আব্বাসসহ দলটির নেতারা।

কয়েক মাস ধরে বিএনপি ও সমমনা দলগুলোর কর্মসূচি সহিংসতার দিকে যায়নি উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘উল্টো গুলি হামলা করে বিরোধী দলের নেতা–কর্মীদের হত্যা করা হয়েছে। কিন্তু আমরা কোনো উসকানিতে পা দিইনি।’

মহাসমাবেশের অনুমতি নিয়ে দুই দিন ধরে নাটকীয়তার প্রসঙ্গে টেনে মির্জা আব্বাস বলেন, এই কয়েক দিনে নাটক–তামাশা স্নায়ুযুদ্ধ শুরু করে দিল সরকার। একটা কথা পরিষ্কার বলতে চাই, বিএনপি কখনো অশান্তি হয়, এমন কর্মসূচি পালন করে না।

ঢাকার এই কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত নেতা–কর্মীদের বাসাবাড়ি ও বিভিন্ন হোটেল থেকে গ্রেপ্তার করা হয়েছে অভিযোগ করে মির্জা আব্বাস নিপীড়নমূলক কাজ থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। অবিলম্বে আটক নেতা–কর্মীদের মুক্তির দাবি করেন তিনি।

মহাসমাবেশে আসার পথে তল্লাশিচৌকি বসিয়ে বাধা না দেওয়ার আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, ‘আশা করব, এই শান্তিপূর্ণ সমাবেশে যাঁরা আসবেন, তাঁদের যেন বাধা দেওয়া না হয়। তাহলে বুঝব গণতন্ত্রের প্রতি এই সরকারের শ্রদ্ধা রয়েছে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ ও আবদুস সালাম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।