সরকারের নির্লিপ্ততা সন্ত্রাসীদের আরও বেপরোয়া করে তুলছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামছবি: নাহিদ ইসলামের ফেসবুক পেজ থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, এ দেশের জনগণের কাছে চূড়ান্তভাবে ধিকৃত ও পরাজিত হওয়ার গ্লানি থেকে এখনো বের হতে পারেনি পতিত ফ্যাসিবাদী গোষ্ঠী। এ জন্য তারা পরিকল্পিতভাবে জুলাইয়ের নেতৃত্বের ওপর একের পর এক হামলা চালাচ্ছে। সরকারের দায়িত্বহীনতা ও নির্লিপ্ততা সন্ত্রাসীদের আরও বেপরোয়া করে তুলছে।

গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন নাহিদ ইসলাম।

আরও পড়ুন

এনসিপির আহ্বায়ক নাহিদ পোস্টে উল্লেখ করেন, গত কয়েক দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নুসরাত তাবাসসুম, মাহিন সরকার ও খান তালাত মাহমুদ রাফির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এর আগে আরেক সাবেক সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর সরাসরি চাপাতি দিয়ে হামলা চালিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহসমন্বয়ক মুসাদ্দিক ইবনে আলী মুহাম্মদের গ্রামের বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়েছে।

নাহিদ ইসলামের ফেসবুক পোস্টের স্ক্রিনশট
ছবি: নাহিদ ইসলামের ফেসবুক থেকে নেওয়া

জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্বের ওপর ধারাবাহিক হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা, প্রতিবাদ জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, এসব ঘটনার পরও সরকার এখন পর্যন্ত জড়িতদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। সরকারের এমন দায়িত্বহীনতা ও নির্লিপ্ততা সন্ত্রাসীদের আরও বেপরোয়া করে তুলছে।’

আরও পড়ুন

এসব হামলার সঙ্গে জড়িত প্রত্যেক সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ। তিনি বলেন, একই সঙ্গে চোরাগোপ্তা হামলা প্রতিরোধ এবং জুলাইয়ের নেতৃত্ব, শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের ব্যক্তিগত, পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

আরও পড়ুন
আরও পড়ুন