মানুষ ভোট দিতে পারলে সর্বোচ্চ ভোটে জয়ী হব: সৈয়দ ফয়জুল করিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সৈয়দ ফয়জুল করিম। শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র, রূপাতলী হাউজিং, বরিশাল, ১২ জুন
ছবি: দীপু মালাকার

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থী সৈয়দ ফয়জুল করিম ভোট দিয়েছেন। ভোট দিয়ে তিনি তাঁর জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

আজ সোমবার সকাল সোয়া ৮টায় শহরের রূপাতলী হাউজিং এলাকার শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন ফয়জুল করিম।

ভোট দেওয়া শেষে ফয়জুল করিম সাংবাদিকদের কাছে তাঁর প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, যদি মানুষ ভোট দিতে পারেন, তাহলে তিনি আশা করছেন, সর্বোচ্চ ভোট পেয়ে তাঁর হাতপাখা প্রতীক জয়ী হবে।

ফয়জুল করিম বলেন, ভোটের পরিস্থিতি কী হবে, তা নিয়ে তিনি এখনই কিছু বলতে পারছেন না। তবে যদি সুষ্ঠু-সুন্দর নির্বাচন হয়, গ্রহণযোগ্য নির্বাচন হয়, তাহলে ফলাফল যা আসবে, তা তিনি মেনে নেবেন।

ইভিএমে ভোট দিচ্ছেন সৈয়দ ফয়জুল করিম। শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র, রূপাতলী হাউজিং, বরিশাল, ১২ জুন
ছবি: দীপু মালাকার

নির্বাচনে সব ভোটকেন্দ্রে হাতপাখা প্রতীকের এজেন্ট রয়েছে বলে জানান সৈয়দ ফয়জুল করিম। তিনি বলেন, মাত্র নির্বাচন শুরু হয়েছে। তবে শুরুটা ভালো হয়েছে। নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত ভালো। এখনো কোনো জায়গায় কোনো অঘটনার বিষয় তাঁরা শোনেননি, কানে আসেনি। শুধু কাউনিয়া এলাকায় একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল। সেখানে তাঁর এজেন্টকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছিল। কিন্তু সেখানে পোলিং কর্মকর্তাকে বলার পর সমস্যার সমাধান হয়েছে।

ফয়জুল করিম বলেন, পরিবেশ সুন্দর হওয়ায় ভোটারদের মধ্যে যথেষ্ট আগ্রহ আছে। ভোটদান শুরুর নির্ধারিত সময়ের অনেক আগেই ভোটাররা কেন্দ্রে হাজির হয়েছেন। দীর্ঘদিন পরে তাঁরা ভোট দিতে পারবেন—এমন আশা নিয়ে কেন্দ্রে এসেছেন। প্রশাসনের প্রতি অনুরোধ, ভোটাররা যে আশা নিয়ে ভোট প্রয়োগের জন্য কেন্দ্রে এসেছেন, তাঁদের সেই আশা পূরণের যাতে সুযোগ দেওয়া হয়। আর ফলাফল যেন কোনো অবস্থাতেই কারচুপি করা না হয়।

ফলাফল পরিবর্তনের কোনো আশঙ্কা আছে কি না, জানতে চাইলে ফয়জুল করিম বলেন, অবশ্যই আশঙ্কা রয়েছে।

জয়ের ব্যাপারে আশাবাদী সৈয়দ ফয়জুল করিম। শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র, রূপাতলী হাউজিং, বরিশাল, ১২ জুন
ছবি: দীপু মালাকার

ইভিএমে ভোট গ্রহণ সম্পর্কে ফয়জুল করিম বলেন, যারা একটু হলেও বুঝে, তাদের জন্য বিষয়টি খুবই সহজ।

নির্বাচনের প্রচার থেকে শুরু করে এখন পর্যন্ত পরিবেশ সম্পর্কে ফয়জুল করিম বলেন, তাঁর ওপর কোনো ধরনের প্রভাব বিস্তারের চেষ্টা করা হয়নি। নির্বাচনী প্রচারে লেভেল প্লেয়িং ফিল্ড ছিল। এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ খুবই সুন্দর। পরে কী হবে, তা তিনি জানেন না।