গাজায় হাসপাতালে ইসরায়েলের হামলার ঘটনায় এবি পার্টির নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিস্তিনে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি ও প্রাণহানি নিয়ে অনলাইন সম্মেলন করে বাংলাদেশ পার্টি (এবি পার্টি)
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজার আল-আহলি আল–আরবি হাসপাতালে ইসরায়েলের হামলায় বেসামরিক মানুষ নিহতের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। ফিলিস্তিনে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি ও প্রাণহানি নিয়ে বৃহস্পতিবার দলের পক্ষ থেকে আয়োজিত এক অনলাইন সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানান এবি পার্টির যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ।

সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ৭০ বছর ধরে দখলদার ইসরায়েল ফিলিস্তিনের নারী, শিশুসহ সাধারণ মানুষের ওপর দমন-পীড়ন ও নির্বিচার গণহত্যা চালিয়ে যাচ্ছে। এখন তারা মানবাধিকারের সব আইনকানুন, জেনেভা কনভেনশনসহ জাতিসংঘের সব বিধিবিধান ভূলুণ্ঠিত করে মসজিদ, স্কুল, এমনকি হাসপাতালেও হামলা চালিয়ে গণহত্যা চালাচ্ছে।

দলটির পক্ষ থেকে এই গণহত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলা হয়, এবি পার্টি বিশ্বনেতাদের কাছে এই যুদ্ধ বন্ধের উদ্যোগ নেওয়ার আহ্বান জানায়। এবি পার্টি মনে করে, একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব।

এ সময় অন্যান্যের মধ্যে দলের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বি এম নাজমুল হক, সহকারী সদস্যসচিব এনামুল হক শিকদার, সাঈদ নোমান, এম আমজাদ খান, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আবদুল হালিম, গাজী নাসির, যুগ্ম সদস্যসচিব সফিউল বাসার, সাংগঠনিক সম্পাদক আবদুল হালিম, মহানগর উত্তরের সদস্যসচিব ফিরোজ কবিরসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।