বর্তমান সরকারের হাত থেকে জনগণকে রক্ষাই ১০ দফার উদ্দেশ্য: খন্দকার মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য খন্দকার মোশাররফ হোসেন
ফাইল ছবি

বর্তমান সরকারের হাত থেকে দেশের জনগণকে রক্ষা করাই বিএনপির ১০ দফা দাবির একমাত্র উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

আজ রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ এ মন্তব্য করেন। জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি রিয়াজউদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, পরিবহন ধর্মঘট, হামলা-মামলাসহ নানা বাধা-বিপত্তি উপেক্ষা করে বিএনপি ১০টি বিভাগীয় গণসমাবেশ করেছে। সমাবেশগুলোয় বিপুল জনসমাগম হয়েছে। তাঁদের বার্তা হচ্ছে, দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, বিচারব্যবস্থা—সবকিছু আজ ধ্বংস হয়ে গেছে। এর থেকে দেশকে রক্ষা করতে হবে। সেটা করতে হলে যারা গায়ের জোরে ১৪ বছর ধরে ক্ষমতায় আছে, ভোট ডাকাতি করে ক্ষমতায় আছে, তাদের ক্ষমতা থেকে বিদায় করতে হবে। সে জন্য তাঁরা সারা দেশের জনগণের বার্তাকে একত্র করে, তাঁদের চেতনাকে ধারণ করে, ১০ দফা দাবি দিয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির এই জ্যেষ্ঠ সদস্য বলেন, এই সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন ইত্যাদি বিষয় ১০ দফায় রয়েছে। ১০ দফার একটাই উদ্দেশ্য, এই সরকারের হাত থেকে দেশের জনগণকে রক্ষা করা।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকার পরিবর্তনের পর কী হবে, তা দেশের জনগণ জানতে চান। বর্তমান সরকার কীভাবে বাংলাদেশকে সব ক্ষেত্রে দেশকে ধ্বংস করে দিয়েছে, সেটা থেকে কীভাবে এই রাষ্ট্রকাঠামো মেরামত করা যাবে, সে জন্য বিএনপি ২৭ দফা প্রস্তাব জাতির সামনে উত্থাপন করেছে।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, শুধু পরিবর্তনের জন্য পরিবর্তন নয়; এ দেশের সব মানুষের মত ও তাদের চেতনাকে ধারণ করে একটি সরকারের গঠন করা হবে। সেই সরকার এ দেশে সবার আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে; সব সংকট ও ধ্বংসপ্রাপ্ত কাঠামো মেরামত করবে।

দেশে গণতন্ত্র না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা থাকে না বলে মন্তব্য করেন খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, যদি সাংবাদিকদের স্বাধীনতা পরিপূর্ণভাবে একটি দেশে চর্চা করা যায়, তাহলে সে দেশে গণতন্ত্র থাকে।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, রিয়াজউদ্দিন আহমেদের আন্দোলন-সংগ্রাম ছিল মূলত সাংবাদিকদের স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য।

আয়োজনে সভাপতিত্ব করেন বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহ। বক্তব্য দেন বিএফইউজের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ প্রমুখ।