প্রথম আলোর কার্যালয়ে হামলার তদন্ত করে বিচার করতে হবে: জামায়াত নেতা এহসানুল
প্রথম আলোর কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার তদন্ত করে বিচারের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। আজ বৃহস্পতিবার বিকেলে প্রথম আলোর অগ্নিদগ্ধ ভবনে আয়োজিত শিল্পকর্ম প্রদর্শনী ‘আলো’ দেখতে এসে এ কথা বলেন জামায়াতের এই নেতা।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘আমরা আশা করব, যা ঘটেছে, এর তদন্ত করে বিচার করতে হবে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, তার জন্য সরকারসহ সংশ্লিষ্টদের দায়িত্ব পালন করতে হবে।’
গত বছরের ১৮ ডিসেম্বর রাতে সংঘবদ্ধ উগ্রবাদীরা প্রথম আলোর কার্যালয়ে হামলা করে ব্যাপক লুটপাট চালায়। এরপর ভবনে আগুন ধরিয়ে দেয়। ওই হামলা ও ধ্বংসযজ্ঞ নিয়ে অগ্নিদগ্ধ এই ভবনে ১৮ ফেব্রুয়ারি শুরু হয়েছে বিশিষ্ট শিল্পী মাহ্বুবুর রহমানের শিল্প প্রদর্শনী ‘আলো’।
আজ এই প্রদর্শনী দেখতে আসে জামায়াতের সাত সদস্যের একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জাহিদুর রহমান, মজলিশে শুরার সদস্য আতাউর রহমান সরকার, মিডিয়া সেলের সদস্য অলিউল্লাহ নোমান, মোশাররফ হোসেন মাসুদ, জামায়াত নেতা শাখাওয়াত হোসেন প্রমুখ।
প্রতিদিন বেলা ১১টা থেকে ১টা এবং বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। এ প্রদর্শনী চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।