‘ভোট দিয়ে মনে হলো, গণতন্ত্র ফিরে এসেছে’
রাজধানীর গুলশান–২ নম্বর এলাকার গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন মীর আক্তার উদ্দিন আহমেদ নামের এক ভোটার।
আজ বৃহস্পতিবার সকালে ভোট দিয়ে মীর আক্তার উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘এবার ভোট দিয়ে মনে হলো, গণতন্ত্র ফিরে এসেছে। সবাই উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারছি। এর আগে তো ভোটই ছিল না।’
মীর আক্তার উদ্দিন আহমেদ বলেন, জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটেও অংশ নিয়েছেন তিনি। ভোট দেওয়ার সময় কোনো ধরনের প্রতিবন্ধকতার মুখে পড়েননি। প্রক্রিয়াটি বুঝতেও তাঁর কোনো সমস্যা হয়নি।
মীর আক্তার উদ্দিন আহমেদ গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ১০৬ নম্বর বুথে ভোট দিয়েছেন। সকাল ৭টা ৫৮ মিনিট পর্যন্ত ওই বুথে চার ভোটার তাঁদের ভোট দিয়েছেন। এই বুথে দুজন পোলিং এজেন্টের মধ্যে একজন বিএনপির ও অন্যজন জামায়াতে ইসলামীর।