অধিবেশন বসছে কাল, সংসদ চত্বর ধূমপানমুক্ত এলাকা ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে আগামীকাল সোমবার। বিকেলে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন শুরু হবে। জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এই অধিবেশন চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।
আজ রোববার বিকেলে জাতীয় সংসদ ভবনে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এবারের অধিবেশনের কার্যাদি নিষ্পন্ন করার জন্য সময় বরাদ্দকরণ ও অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে আলোচনা করা হয়। পরে সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে সভার সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে বৈঠক শুরু হবে। ১৮ নভেম্বর চতুর্থ অধিবেশন শেষ হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়। প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস–সম্পর্কিত যেকোনো বিষয় পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়।
বৈঠকে জানানো হয়, চতুর্থ অধিবেশনে উত্থাপনের জন্য এখন পর্যন্ত একটি সরকারি বিল পাওয়া গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের পর এবং চতুর্থ অধিবেশনের আগপর্যন্ত ৩টি অধ্যাদেশ জারি করা হয়। আগামীকাল চতুর্থ অধিবেশনের প্রথম বৈঠকে এগুলো উত্থাপন করা হবে। অধ্যাদেশগুলো হলো পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; মূল্য সংযোজন কর ও সম্পূরক শূল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬।
এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টি ও অন্য মন্ত্রীদের জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্নসহ মোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন পাওয়া গেছে। বিধি-৭১–এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ৯২টি এবং সিদ্ধান্ত-প্রস্তাবে (বিধি-১৩১) ২৮১টি নোটিশ পাওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ ঘোষণার প্রস্তাব করলে সবাই তা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেন। প্রধানমন্ত্রী সংসদের সাউন্ড সিস্টেম বিষয়ে চলমান অগ্রগতি বিষয়ে জানতে চাইলে সংসদ সচিব মো. গোলাম সরওয়ার ভুঁইয়া আগামীকাল বিকেলে গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে সাউন্ড সিস্টেম উদ্বোধন করা হবে বলে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
জাতীয় সংসদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রী জানতে চাইলে সংশ্লিষ্ট উপকমিটির আহ্বায়ক জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল জানান, সৌরবিদ্যুতের মাধ্যমে ৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে, যা অধিবেশন চলাকালীন (প্রায় ৬ মেগাওয়াট, অন্য সময় আরও কম) বিদ্যুতের চাহিদা মেটানোর পাশাপাশি অবশিষ্ট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। প্রধানমন্ত্রী বিদ্যুৎ সংরক্ষণাগারের সুবিধা রেখে সৌরবিদ্যুৎ উৎপাদনের নির্দেশনা প্রদান করেন।
বৈঠক শেষে চিফ হুইপ নূরুল ইসলাম মনি সাংবাদিকদের বলেন, ইতিমধ্যে তিনটি অধ্যাদেশ ও একটি বিল সংসদে এসেছে। আরও দুই-একটি বিল আসতে পারে। অধ্যাদেশ ও বিলগুলো সংসদ সদস্যদের মধ্যে বিতরণ করা হয়েছে। ফলে এগুলো নিয়ে প্রস্তুতি নেওয়ার জন্য সংসদ সদস্যদের যথেষ্ট সময় রয়েছে।
কার্য উপদেষ্টা কমিটির সভাপতি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে অংশ নেন। বৈঠকে কমিটির সদস্যদের মধ্যে অংশ নেন বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল, জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধী দলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এবারের অধিবেশনে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সাম্প্রতিক শ্রমিক আন্দোলন, এলপিজির দাম বাড়ানো, জুলাই সনদের বাস্তবায়নের মতো বিষয়গুলো আলোচনায় আনতে পারে বিরোধী দল।