নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে একটি ওয়ার্ডে একাধিক নির্বাচনী ক্যাম্প তৈরি করেছিলেন ঢাকা–৭ সংসদীয় আসনের নৌকা প্রতীকের প্রার্থী সোলায়মান সেলিম। ওই ওয়ার্ডে একটি ক্যাম্প রেখে বাকিগুলো ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করতে নির্দেশ দিয়েছেন এই আসনের নির্বাচনী অনুসন্ধান কর্মকর্তা ও ঢাকার যুগ্ম জেলা জজ আরিফুল ইসলাম।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, সিটি করপোরেশন এলাকায় একটি ওয়ার্ডে একটি ক্যাম্প করার করা।
আজ শনিবার সোলায়মান সেলিমকে দেওয়া চিঠিতে নির্বাচনী অনুসন্ধান কর্মকর্তা উল্লেখ করেছেন, নৌকার প্রতীকের এই প্রার্থী ঢাকা দক্ষিণ সিটির ২৬ নম্বর ওয়ার্ডে তিনটি ক্যাম্প তৈরি করেছেন। এগুলো হলো আজিমপুরের জাজেজ কোয়ার্টারের সামনে একটি, আজিমপুর বাসস্ট্যান্ডের পাশে একটি ও আজিমপুর অস্থায়ী কাঁচাবাজারের পাশে আরেকটি। এই তিন ক্যাম্পের মধ্যে একটি রেখে বাকিগুলো অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে।
ওই চিঠিতে আরও উল্লেখ করা হয়, এই চিঠি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে একটি ক্যাম্প রেখে বাকিগুলো অপসারণ করতে হবে। এর ব্যত্যয় ঘটলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ১৩টি ওয়ার্ড নিয়ে এই আসন গঠিত। ওয়ার্ডগুলো হলো ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৫ ও ৩৬। এই আসনের ভোটার প্রায় সাড়ে ৩ লাখ।
আসনটির বর্তমান সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিম। তিনি এবার নির্বাচন করছেন না। তাঁর ছেলে সোলায়মান সেলিম এবার নৌকার প্রার্থী। সোলায়মানসহ মোট সাতজন এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।