ঢাকা–৮ সংসদীয় আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্ক্সবাদী) প্রার্থী রাফিকুজ্জামান ফরিদ বলেছেন, ‘যেকোনোভাবে নির্বাচনে অংশ নিয়ে ভোট জোগাড়, আসন বাড়াতে যেকোনো দলের সঙ্গে ঐক্য—এ ধরনের নীতিহীন ও সুবিধাবাদী রাজনীতির চর্চা একটি যথার্থ মার্ক্সবাদী দল হিসেবে আমরা কখনো করিনি।’
‘কাঁচি’ প্রতীকের এই প্রার্থী বলেন, ‘আমরা মনে করি, সমাজবিপ্লবের মধ্য দিয়ে বিদ্যমান পুঁজিবাদী ব্যবস্থাকে পরিবর্তন করে সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার মধ্য দিয়েই একমাত্র বৈষম্য দূর করা সম্ভব।’
আজ শনিবার নির্বাচনী প্রচারে অংশ নিয়ে এ কথা বলেন ঢাকা–৮ সংসদীয় আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্ক্সবাদী) প্রার্থী রাফিকুজ্জামান। বিকেলে এই আসনভুক্ত পল্টন মোড় থেকে শুরু করে বিভিন্ন এলাকায় নির্বাচনী পদযাত্রা করেছেন তিনি। ফকিরাপুল বাজার, বিজয়নগর, শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন মোড়ে পথসভাও করেছেন কাঁচি প্রতীকের এই প্রার্থী।
শিল্পকলা একাডেমির সামনে সমাপনী পথসভায় রাফিকুজ্জামান বলেন, ‘জনগণের সামনে সঠিক দৃষ্টিভঙ্গি তুলে ধরা ও সংসদের অভ্যন্তরে শোষিত জনগণের প্রতিনিধি হিসেবে দাবি উত্থাপন ও প্রতিবাদ ধ্বনিত করার জন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি।’
এর আগে রাফিকুজ্জামানের সমর্থনে বিভিন্ন পথসভায় গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ চৌধুরী, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শুভাশিস চাকমা ও গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য মাহতাব উদ্দীন বক্তব্য দেন।
এ ছাড়া ঢাকা-১৬ আসনে বাসদের (মার্ক্সবাদী) প্রার্থী রাশেদ শাহরিয়ার ও ঢাকা-৭ আসনের প্রার্থী সীমা দত্তও পথসভায় বক্তব্য দেন। রাফিকুজ্জামানের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক রবিউল করিম নান্টু পথসভাগুলো সঞ্চালনা করেন।
ঢাকা–৮ আসনে বাসদের (মার্ক্সবাদী) প্রার্থীর পদযাত্রা ও পথসভায় গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য রাফসান আহমেদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) ঢাকা নগর শাখার সভাপতি নওশিন মুস্তারি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক শামসুল আলম মারুফসহ অনেকে অংশ নেন।