আলেমদের ধোঁকা দিয়ে রাস্তায় নামানো হয়েছিল: ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান
আলেমদের ধোঁকা দিয়ে রাস্তায় নামিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বানচালের চেষ্টা করা হয়েছিল। বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন।
মিছবাহুর রহমান চৌধুরী বলেন, নিরীহ আলেমদের ধোঁকা দিয়ে রাস্তায় নামিয়ে যাঁরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বানচাল করতে চেয়েছিলেন, সেই ষড়যন্ত্রের কুশলীরা আজ নানা বেশে সরকারি দলের নেতাদের সঙ্গে, এমনকি দু-একজন মন্ত্রীর আপনজনদের সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও পার্টি করে বেড়াচ্ছেন। অথচ সহজ–সরল গরিব আলেমরা কারাগারে আছেন। তাঁদের পরিবার-পরিজন ধ্বংশের সম্মুখীন। সংবাদ সম্মেলনে আলেমদের জামিনে মুক্তি এবং তাঁদের মামলাগুলো দ্রুত তদন্তের দাবি জানান তিনি।
আলেমদের জামিনে মুক্তি ছাড়াও দেশবিরোধী ষড়যন্ত্রকারী মাস্টারমাইন্ডদের অপ-তৎপরতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, দুর্নীতি, বিদ্যুৎ-গ্যাস চুরি ও অপচয়ের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ, নির্বাচন কমিশনের সংবিধানবিরোধী ধারাসহ আরপিও সংশোধনের দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।
সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে জানিয়ে মিছবাহুর রহমান চৌধুরী বলেন, দেশের এক শ্রেণির মানুষ দেশবাসীর সংকটকে পুঁজি করে দেশ ও সরকারের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চালাচ্ছে। তাঁরা দেশে উগ্রবাদ সৃষ্টির নানামুখী অপচেষ্টা করে যাচ্ছে।
জ্বালানি অপচয় বন্ধে সরকারের বিভিন্ন পদক্ষেপের সমর্থন করে মিছবাহুর রহমান চৌধুরী বলেন, দেশের প্রয়োজনে মন্ত্রী, সংসদ সদস্য, সব দলের রাজনৈতিক নেতারা, সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীদের বাড়ি ও অফিসে ছয় মাসের জন্য এসি বন্ধ এবং পরিবার প্রতি একটির অতিরিক্ত গাড়ি ব্যবহার আইন করে নিষিদ্ধ করতে হবে। বিদ্যুৎ ও গ্যাসের চুরি বন্ধ করতে হবে। সরকারি–বেসরকারি অফিসের সময় কমিয়ে আনতে হবে।