ইসির নিবন্ধন চেয়ে প্রায় দেড় শ আবেদন, বাহারি যত নাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত হওয়ার জন্য আবেদন জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১৪৭টি দল। বাহারি সব নামের বিভিন্ন দল ইসির নিবন্ধন পেতে আগ্রহ দেখিয়েছে। নিবন্ধন চাওয়া এসব দলের মধ্যে রয়েছে নাকফুল বাংলাদেশ, বাংলাদেশ সলুশন পার্টি, বাংলাদেশ সংগ্রামী ভোটার পার্টি ও বাংলাদেশ বেকার সমাজ (বাবেস)।
দুই দফায় নিবন্ধনের আবেদন জমা দেওয়া দলগুলোর নামের তালিকা আজ সোমবার প্রকাশ করেছে ইসি। গত ১০ মার্চ আগ্রহী নতুন দলের কাছ থেকে নিবন্ধনের আবেদন আহ্বান করে ইসি। ২০ এপ্রিল পর্যন্ত ৬৫টি দল আবেদন করে।
পরে এনসিপিসহ কিছু দলের অনুরোধে নিবন্ধনের আবেদনের সময়সীমা দুই মাস বাড়ানো হয়। এই সময়সীমা গতকাল রোববার শেষ হয়। শেষ দুই মাসে আবেদন জমা পড়ে ৮২টি। এর মধ্যে রোববার শেষ দিনেই আবেদন জমা পড়ে ৪২টি। ইসির নিবন্ধন পেলে এসব দল নিজস্ব মার্কায় নির্বাচনে অংশ নিতে পারবে।
বাহারি কিছু নাম
ইসির কাছে দুই দফায় যেসব দল নিবন্ধনের আবেদন করেছে, সেগুলোর মধ্যে তিনটি দলের নামে ‘বেকার’ শব্দটি রয়েছে। এগুলো হলো বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, বাংলাদেশ বেকার সমাজ (বাবেস) ও বাংলাদেশ বেকার সমাজ।
নিবন্ধন চেয়েছে বাংলাদেশ বেস্ট পলিটিক্যাল পার্টি, নাকফুল বাংলাদেশ, ইসলামী গণতান্ত্রিক পার্টি (আইজিপি), বাংলাদেশ নাগরিক কমান্ড, বাংলাদেশ জনগণের দল, বাংলাদেশ একাত্তর পার্টি, বাংলাদেশ দেশপ্রেমিক প্রজন্ম, বাংলাদেশ ছাত্রজনতা পার্টি, বাংলাদেশ সলুশন পার্টি, বাংলাদেশ সংগ্রামী ভোটার পার্টি ও বাংলাদেশ প্রবাসী কল্যাণময় পার্টির মতো দল।
বাংলাদেশ জনপ্রিয় পার্টি (বিপিপি), বাংলাদেশ জনগণের দল (বাজদ), জনতার কথা বলে, বাংলাদেশ শান্তির দল, বাংলাদেশ মাতৃভূমি দল, বাংলাদেশ পাক পাঞ্জাতন পার্টি (বিপিপি), বাংলাদেশ জনমত পার্টি, বাংলাদেশি জনগণের পার্টি, বাংলাদেশ জাগ্রত পার্টি (বাজপ), বাংলাদেশ সর্ব–স্বেচ্ছা উন্নয়ন দল নামেও নিবন্ধন চাওয়া হয়েছে।
চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও সাংবাদিক শওকত মাহমুদের নেতৃত্বাধীন নতুন দল জনতা পার্টি বাংলাদেশ, ডেসটিনি গ্রুপের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীনের নেতৃত্বাধীন বাংলাদেশ আম জনগণ পার্টি, গেল সপ্তাহে আত্মপ্রকাশ করা দল বাংলাদেশ রিপাবলিক পার্টিও (বিআরপি) ইসির কাছে নিবন্ধন চেয়ে আবেদন করেছে।