ইসলামী আন্দোলনের নেতার ওপর হামলার প্রতিবাদ করল আওয়ামী লীগের শরিক তরিকত ফেডারেশন
বরিশাল সিটির ভোটের দিনে ইসলামী আন্দোলনের প্রার্থীর ওপর হামলার ঘটনায় এবার আওয়ামী লীগকে নিন্দা ও প্রতিবাদের মুখে পড়তে হচ্ছে শরিক দল তরিকত ফেডারেশন থেকে। ১৪-দলীয় জোটের শরিক দলটি বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ নেতা ও মেয়র প্রার্থী সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী ও মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী বলেন, কারও সঙ্গে মতের পার্থক্য থাকতেই পারে। তাই বলে পীর-মাশায়েখ ও আলেম-ওলামার ওপর এমন হামলা মেনে নেওয়া যায় না। হামলায় জড়িত ব্যক্তিদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়ে তরিকত নেতারা বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে জন্য সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে হবে।
ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটে তরিকত ফেডারেশন একমাত্র ইসলামপন্থী দল। দলটির চেয়ারম্যান জাতীয় সংসদের সদস্য। গত চারটি জাতীয় সংসদ নির্বাচনে তরিকত ফেডারেশন আওয়ামী লীগের মিত্র হিসেবে ভোটে অংশ নিয়েছে।
কওমি মাদ্রাসাকেন্দ্রিক এবং অন্যান্য ইসলামপন্থী দলের সঙ্গে তরিকত ফেডারেশনের দূরত্ব দেখা গেছে। এ ছাড়া ইসলামী আন্দোলনের প্রার্থীর ওপর হামলার ঘটনায় ১৪ দলের আর কোনো শরিক দল বিবৃতি দেয়নি। তবে এখন তরিকত ফেডারেশনের বিবৃতি দেওয়ার এ ঘটনাকে ব্যতিক্রম মনে করছেন ১৪ দলের অন্য শরিকেরা।
গত সোমবার বরিশাল সিটি করপোরেশনের ভোট চলার সময় ফয়জুল করিমের ওপর হামলার ঘটনা ঘটে। এরপর ইসলামী আন্দোলন বরিশাল সিটির নির্বাচনের ভোট প্রত্যাখ্যান করে এবং আসন্ন সিলেট ও রাজশাহী সিটির নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও হামলার ঘটনায় নিন্দা জানান।