সংবিধানের একচুল বাইরে যাব না: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইনমন্ত্রী আনিসুল হক
ফাইল ছবি: প্রথম আলো

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘আন্তর্জাতিক চাপে নয়, জনগণের প্রতি দায়বদ্ধতা আর গণতন্ত্রের প্রতি অঙ্গীকারের কারণে সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। সংবিধানের একচুল বাইরে আমরা যাব না।’

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বিস মিলনায়তনে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘সংবিধানের মধ্যে থেকেই যদি কোনো পরিবর্তন করা যায় কি না, সুযোগ থেকে থাকে...।’ সরকার নির্বাচনের বিষয়ে বিএনপিকে এ রকম কোনো প্রস্তাব দিয়েছে কি না, জানতে চাইলে আনিসুল হক বলেন, ‘উনি (ওবায়দুল কাদের) এ রকম কথা বলেছেন আমি শুনিনি। ওনার সঙ্গে আজকে সকালেও আমার কথা হয়েছে। ওনার সঙ্গে যে আলাপ হয়েছে, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। সংবিধানের একচুল বাইরে আমরা যাব না।’

আইনমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার গণতন্ত্রের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। কারণ, আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধুর দেওয়া সংবিধানে বিশ্বাস করে। সে জন্য দলটি প্রতিজ্ঞাবদ্ধ। সেই অঙ্গীকারের কারণেই সরকার সুষ্ঠু নির্বাচন করবে। তিনি বলেন, ‘আমরা হ্যাঁ, না ভোটের মতো নির্বাচন করব না। ১৯৯৬ সালের ভোটারবিহীন নির্বাচন করব না। বলা হয়, ২০১৪ ও ২০১৮ সালে নির্বাচন ঠিক হয়নি। ২০১৪ ও ২০১৮ সালে নির্বাচন যাতে ঠিক না হয়, সে চেষ্টা বিএনপি করেছে। সন্ত্রাস করে, অগ্নিসন্ত্রাস করে। তারপরও মানুষ ভোট দিয়েছে। আপনাদের মনে রাখতে হবে, মানুষ যদি নির্বাচনকে বয়কট করত, তাহলে ২০১৪ সালের পরে আমরা সরকার চালাতে পারতাম না, ২০১৮ সালের পরেও আমরা সরকার চালাতে পারতাম না। জনগণের আমাদের প্রতি ম্যান্ডেট আছে। আছে বলেই আমরা সরকার চালাতে পারছি। আগামী নির্বাচন সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে।’

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে সরকারের ওপর আন্তর্জাতিক চাপের বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, কোনো আন্তর্জাতিক চাপ নেই। অনেকেই অনেকের কথা বলবেন। আন্তর্জাতিক চাপে নয়, জনগণের কাছে যে দায়বদ্ধতা, গণতন্ত্রের প্রতি অঙ্গীকারের কারণে সুষ্ঠু নির্বাচন করিয়ে দেওয়া দরকার। তিনি বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচনে সবাই আসুক, সেটা আওয়ামী লীগও চায়। কিন্তু নির্বাচনে কে আসবে কে আসবে না, সেটা তাদের দলীয় সিদ্ধান্ত।

খালেদা জিয়ার রাজনীতিতে যুক্ত হতে আইনগত বাধার বিষয়ে জানতে চাইলে আনিসুল হক বলেন, আইনগত বাধা কোথায়, সেটা আগেও বলেছেন। তিনি বলেন, ‘উনি নির্বাচন করতে পারবেন না। কারণ, উনি দণ্ডিত। (তিনি) রাজনীতি করতে পারবেন না, এ রকম কথা তো কোথাও নেই। এখন বাস্তব অবস্থাটা কী, সেটাও আপনাদের বুঝতে হবে। বাস্তব অবস্থাটা হচ্ছে তাঁর ভাই যে আবেদনটা করেছিলেন, তাতে বলা আছে তিনি গুরুতর অসুস্থ। তাঁর যদি আরও ভালো চিকিৎসা না হয়, তবে জীবন বিপন্ন হবে। তখন তাঁকে মানবিক কারণে, প্রধানমন্ত্রী মানবতার খাতিরে সাজা স্থগিত করে মুক্তি দিয়েছিলেন। যিনি অসুস্থ, তিনি রাজনীতি করতে পারেন কি না, সেটা আমি বারবার তখনো বলেছি, সেটা আপনারা দেখেন, বিবেচনা করেন। স্বাভাবিক মানুষ মনে করে তিনি অসুস্থ, তিনি রাজনীতি করতে পারেন না। এটাই স্বাভাবিক পরিস্থিতি।’