ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে কাল সিইসির বৈঠক, আলোচনা কী নিয়ে

সিইসি এ এম এম নাসির উদ্দিন (বাঁয়ে) ও ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল (ডানে)ছবি: কোলাজ

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য কমিশনাররা। আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় ডেপুটি স্পিকার কায়সার কামালের দপ্তরে সাক্ষাতের সময় নির্ধারণ করা হয়েছে।

নির্বাচন কমিশন (ইসি) থেকে এ তথ্য জানানো হয়েছে। নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির নির্বাচনের তফসিল ঘোষণার আগে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। সেই মোতাবেক ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সিইসি ও অন্য কমিশনাররা সৌজন্য সাক্ষাৎ করবেন।

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে গত রোববার সিইসির কার্যালয়ে সব নির্বাচন কমিশনার ও জ্যেষ্ঠ সচিব বৈঠক করেন। সেখানে রাষ্ট্রপতি নির্বাচনের আইন নিয়ে পর্যালোচনা করা হয়। এরপর সিদ্ধান্ত নেওয়া হয়, তফসিল ঘোষণার পরবর্তী কার্যক্রম ঠিক করতে স্পিকারের সঙ্গে বৈঠক করা হবে।

নিয়ম অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হয়। এ জন্য সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা তথা সংসদ সদস্যদের নাম ইসি সচিবালয়ে পাঠানো হবে। এর ভিত্তিতে ইসি রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা করবে। এরপর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি ও কমিশনারদের বৈঠকে এসব বিষয় আলোচনা হবে বলে ইসি সূত্র জানিয়েছে।

গত শুক্রবার বিকেলে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। সংবিধানের ক্ষমতাবলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আর ডেপুটি স্পিকার কায়সার কামাল ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করছেন। রাষ্ট্রপতির পদত্যাগের ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিধান আছে।