ভোটারদের সমস্যা সরাসরি শুনতে তাসলিমার ‘ওপেন মাইক’
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে ভোটারদের সমস্যা সরাসরি শুনতে রাজধানীর তেজগাঁওয়ে ‘ওপেন মাইক’ কার্যক্রম শুরু করেছেন ঢাকা-১২ আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী তাসলিমা আখতার।
সোমবার সন্ধ্যায় তেজগাঁওয়ের উত্তর বেগুনবাড়িতে তিনি এই কার্যক্রমের উদ্বোধন করেন। এর আগে গতকাল রোববার পূর্ব রাজাবাজার এলাকায় ‘জনতার পার্লামেন্ট’ নামে আরেকটি কর্মসূচি শুরু করেন তিনি।
আজ সন্ধ্যা ছয়টার দিকে উত্তর বেগুনবাড়ির সিদ্দিক মাস্টারের ঢালে ওপেন মাইকের উদ্বোধন করেন মাথাল প্রতীকের এই প্রার্থী। এরপর স্থানীয় বাসিন্দাদের অনেকে সেখানে এসে নিজ নিজ এলাকার সংকট ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
ওপেন মাইকে অংশ নিয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, উত্তর বেগুনবাড়িতে শিশুদের জন্য কোনো খেলার মাঠ নেই। বর্ষাকালে জলাবদ্ধতা ভয়াবহ রূপ নেয়। এর বাইরে চাঁদাবাজি ও মাদকের সমস্যাও আছে। এ সময় একজন পোশাকশ্রমিক তাঁর মজুরি বাড়ানোর দাবি জানান।
স্থানীয় লোকজনের বক্তব্য শোনার পর প্রার্থী তাসলিমা আখতার বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের পর আমাদের প্রত্যাশা ছিল, ভয়ের সংস্কৃতি আর ফিরে আসবে না। কিন্তু আমরা দেখছি, মানুষ কথা বলতে ভয় পাচ্ছে।’ তিনি অঙ্গীকার করে বলেন, ‘ভয়ের সংস্কৃতির বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব। চাঁদাবাজি, মাদকসহ যেকোনো জুলুমের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব।’
এই আয়োজনে তাসলিমা আখতারের সঙ্গে ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ, গার্মেন্ট শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে সৈকত আরিফ প্রথম আলোকে বলেন, রোববার যে উদ্দেশ্যে পূর্ব রাজাবাজারে জনতার পার্লামেন্ট করা হয়েছে, একই লক্ষ্য নিয়ে আজ উত্তর বেগুনবাড়িতে ওপেন মাইক উদ্বোধন করা হয়েছে। তাসলিমা আখতার জনগণের সমস্যা-সংকটের কথা সরাসরি শুনতে চান।