সরকার ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত চাপিয়ে দিলে জনরোষ বাড়বে: চরমোনাই পীর
অর্থবছরের মাঝামাঝি সময়ে হঠাৎ করে শতাধিক পণ্য ও সেবায় মূল্য সংযোজন কর (ভ্যাট) ও শুল্ক বাড়ানোয় ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। এই সিদ্ধান্ত থেকে অন্তর্বর্তী সরকারকে সরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার রাজনৈতিক দল ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা না করে মানুষের ওপর ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত চাপিয়ে দিলে জনরোষ বৃদ্ধি পাবে।
আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী আন্দোলনের আমির এ কথাগুলো বলেন। তিনি বলেন, রাজস্ব আদায় বাড়াতে সরকার শুল্ক–কর বৃদ্ধির সহজ পথ বেছে নিয়েছে। এতে চলমান উচ্চ মূল্যস্ফীতির সময়ে নিম্ন আয় ও প্রান্তিক আয়ের মানুষের দৈনন্দিন জীবনের খরচ আরও বেড়ে যাবে। সাধারণ মানুষ এমনিতেই চাপের মধ্যে আছে, কর বাড়ানোয় পরিস্থিতি আরও তীব্র হবে।
সরকারের এমন সিদ্ধান্তে বাজারে পণ্যের মূল্য বাড়বে এবং গরিব ও মধ্যম আয়ের মানুষের জীবনযাপন আরও কঠিন হয়ে পড়বে উল্লেখ করে চরমোনাই পীর বলেন, পরোক্ষ কর ধনী-গরিব সবার জন্য সমান। পরোক্ষ কর বৃদ্ধি করা হলে ধনীদের সমস্যা হয় না, সমস্যা গরিবের। এ পরিস্থিতিতে জনগণের ওপর যাতে অর্থনৈতিকভাবে কোনো ধরনের চাপ সৃষ্টি না হয়, সে বিষয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি।