নাশকতার মামলায় রিজভী, আমানসহ ২৯ জনের বিচার শুরু
আট বছর আগে করা নাশকতার একটি মামলায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ দলটির ২৯ নেতা–কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। তবে আসামিরা এ মামলায় জামিনে আছেন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) হাসিবুল হক মঙ্গলবার এ আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।
জয়নুল আবেদীন বলেন, ২০১৫ সালের জানুয়ারিতে নাশকতার অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি মামলা হয়। ওই মামলায় বিএনপির নেতা রুহুল কবির রিজভীসহ ২৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
অভিযোগ গঠনের সময় আসামিরা নিজেদের নিরপরাধ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার চান বলেও জানান তিনি।
মামলার অন্য আসামিরা হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান প্রমুখ।