কার্যকর সংলাপের উদ্যোগ নিলে বিবেচনা করবে বিরোধীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকার ও শাসনব্যবস্থা পরিববর্তনের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার ডাকে ১৪ দফা দাবিতে সমাবেশ করে গণতন্ত্র মঞ্চ। গতকাল বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে
ছবি: প্রথম আলো

বর্তমান সরকার ২০১৪ ও ২০১৮ সালের মতো আরেকটি তামাশার নির্বাচন করতে ফন্দি আঁটছে বলে গণতন্ত্র মঞ্চের নেতারা অভিযোগ করেছেন। তাঁরা বলেছেন, গায়ের জোরে এবার আর নির্বাচন করতে দেওয়া হবে না। একই সঙ্গে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, সরকার কীভাবে পদত্যাগ করবে এবং অন্তর্বর্তীকালীন সরকার কীভাবে হবে—এই দুটি বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়ে কার্যকর সংলাপের উদ্যোগ নেওয়া হলে বিরোধী দলগুলো তা বিবেচনা করবে।

আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ আয়োজিত সমাবেশে এই জোটের নেতারা এসব কথা বলেন। বর্তমান সরকারের পদত্যাগ, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন ও সংবিধান সংস্কারসহ ১৪ দফা দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান (মান্না) বলেন, ‘আওয়ামী লীগ আরেকবার সরকারে থাকতে নানা ফন্দিফিকির আঁটছে। এবার আর গায়ের জোরে ভোট করতে পারবে না। সরকারের গলাবাজি কমে গেছে। বিরোধীদের মধ্যে ভাঙন ধরানো যায় কি না, টাকা দিয়ে কিনতে পারি কি না—সেই চেষ্টা করে লাভ হবে না।’

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘রাজনৈতিক সংকটকে রাজনৈতিকভাবে সমাধানের জন্য উদ্যোগ নেন। ২০১৮ সালের মতো তামাশার সংলাপে বিরোধী দলগুলো অংশ নেবে না। কার্যকর সংলাপের উদ্যোগ নেওয়া হলে বিরোধী দলগুলো তা বিবেচনা করবে।’

এদিকে ৭ মে রোববার ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, বিএনপি আগামী নির্বাচনে আসার ঘোষণা দিলে দলটিকে নির্বাচনকালীন সরকারে রাখার বিষয়টি বিবেচনা করা হতে পারে।

আওয়ামী লীগ নেতার সেই বক্তব্যের প্রসঙ্গ টেনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, সরকারের মুখ থেকে একটু একটু করে আপসের কথা বের হচ্ছে। তিনি আরও বলেন, ক্ষমতায় টিকে থাকতে সরকারকে জনগণের কাছে, বিদেশে গিয়ে মিথ্যা কথা বলতে হচ্ছে।

পরাশক্তিরা বাংলাদেশকে নিয়ে খেলা করছে বলে মন্তব্য করেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম। তিনি বলেন, ভারত, চীন, রাশিয়া ও আমেরিকা বাংলাদেশের সরকার পরিবর্তন করতে পারবে না। দেশের জনগণই পারবে এই সরকার পরিবর্তন করতে।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ বলেন, বর্তমান সরকার জনগণের থেকে বিচ্ছিন্ন। চূড়ান্ত আন্দোলনের সময় এসেছে। ঐক্যবদ্ধ আন্দোলনের ঐক্য ধরে রাখতে হবে।

গত বছরের ৮ আগস্ট সাতটি দল ও সংগঠন নিয়ে গঠিত হয় গণতন্ত্র মঞ্চ। ৬ মে গণতন্ত্র মঞ্চ থেকে বেরিয়ে গেছে গণ অধিকার পরিষদ। এরপর আজকেই ছিল জোটের প্রথম কর্মসূচি। সমাবেশে কোনো দলের নাম উল্লেখ না করে গণতন্ত্র মঞ্চের একাধিক নেতা বলেন, একটি দল জোট থেকে বেরিয়ে গেছে। তাদের লক্ষ্য কী, জানি না। মানুষ অনেক কথা বলে। আন্দোলনের মধ্যে গাপটি মেরে থাকা মতলববাজেরা আত্মসমর্পণ করতে পারে।

সভাপতির বক্তব্যে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেন, বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে বিরোধী দলগুলো অংশ নেবে না। দেশে নতুন পরিবর্তনের দিকে যাওয়ার আন্দোলন শুরু হয়েছে।