ফখরুল-আব্বাসের গ্রেপ্তারের বিষয়ে যা বলল সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাস
ফাইল ছবি

বেপরোয়া সহিংসতার পরিকল্পনা এবং আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার জন্য দলীয় কর্মীদের উসকানি দেওয়ায় অভিযোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকার কূটনৈতিক মিশনগুলোতে পাঠানো একটি চিঠিতে একথা জানিয়েছে সরকার।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গত ৭ ডিসেম্বর দলটির নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের বিষয়ে অবহিত করতে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক মিশনগুলোতে চিঠিটি দেওয়া হয়েছে বলে মন্ত্রণালয়ের সূত্র নিশ্চিত করেছে। ওই চিঠিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে গ্রেপ্তারের কারণও সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা করা হয়েছে।

আরও পড়ুন

চিঠিতে বলা হয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসসহ বিএনপির নেতা–কর্মীদের নামে রাজধানীর পল্টন, মতিঝিল, রমনা ও শাহজাহানপুর থানায় চারটি মামলা করেছে পুলিশ। এসব মামলায় পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে। গত ৮ ডিসেম্বর রাজধানীর ডিবি কার্যালয়ে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে ডিবি পুলিশ। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনার পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ততা খুঁজে পাওয়ায় পল্টন থানায় করা মামলায় তাঁদের দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সেদিনই তাঁদের ঢাকার সিএমএম আদালতে তোলা হয়। আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুন

মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের বিষয়ে চিঠিতে সরকার বলেছে, কেউই আইনের উর্ধ্বে নন। বিএনপি নেতাদের আইনের প্রতি শ্রদ্ধা রেখে শান্তিপূর্ণ সমাবেশ করা উচিৎ ছিল। কিন্তু তাঁরা আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন না। তাঁদের উদ্দেশ্য ছিল অশান্তি সৃষ্টি করে অসাংবিধানিক শক্তিকে ক্ষমতায় আনা। ২০১৪ ও ২০১৮ সালেও বিএনপি ও তাদের মিত্ররা একই ধরনের কাজ করেছিল। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবার আর ঝুঁকি নেয়নি। ১০ ডিসেম্বরের সমাবেশ ঘিরে ঢাকায় বেপরোয়া সহিংসতার পরিকল্পনা করায় বিএনপির এই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। কেননা সরকার কাউকে বেপরোয়া সহিংসতা সৃষ্টির মাধ্যমে জননিরাপত্তা ও দেশের আইনশৃঙ্খলা বিঘ্নিত করতে দিতে পারে না।

আরও পড়ুন

চিঠিতে বলা হয়েছে, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ৭ ডিসেম্বর দলটির অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা সড়ক অবরোধ করেন। ওই দিন তাঁদের পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল না। এমনকি পুলিশের অনুমতিও তাঁরা নেননি। অবরোধের কারণে নয়াপল্টন এলাকায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটায় পুলিশ তাঁদের সরে যাওয়ার অনুরোধ করে। কিন্তু বিএনপির বিক্ষোভকারীরা তা অগ্রাহ্য করে পুলিশের ওপর ইটপাটকেল ও ককটেল নিক্ষেপের পাশাপাশি যানবাহন ভাঙচুর শুরু করেন। তাঁদের হামলায় পুলিশের ৪৯ জন সদস্য আহত হন, যাঁদের একজনের অবস্থা গুরুতর। নিহত হন একজন পথচারী। তবে ওই সময় পুলিশ কার্যকর পদক্ষেপ নেওয়ায় সম্পদের বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।

আরও পড়ুন