তারেক-জোবায়দার সম্পদ জব্দের আদেশের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবায়দা রহমানের সম্পদ জব্দের আদেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল। কেন্দ্রীয় ছাত্রদলের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী শনিবার এ কর্মসূচি পালন করেন জবি শাখা ছাত্রদলের নেতা–কর্মীরা।
বিক্ষোভ মিছিল পুরান ঢাকার তাঁতীবাজার মোড় থেকে শুরু হয়ে নয়াবাজার মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতা–কর্মীরা।
সমাবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, তারেক রহমানের বিরুদ্ধে অবৈধ এই সরকারের যেকোনো ষড়যন্ত্র বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে রুখে দেবে।
জবি শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম সমাবেশে বলেন, ‘তারেক রহমান ও তাঁর স্ত্রীর সম্পদ জব্দের আদেশ নিঃসন্দেহে হাস্যকর ও উদ্দেশ্যপ্রণোদিত। আমরা মহামান্য হাইকোর্টের প্রতি শ্রদ্ধা রেখে আহ্বান জানাই, অবৈধ সরকারের চোখে নয়; বরং ন্যায়ের দৃষ্টিতে বিচারিক কার্যক্রম পরিচালনা করুন। অন্যথায় রাজপথে এর সমুচিত জবাব দেওয়া হবে।’