জনগণের জীবনযাত্রা স্বস্তিকর করার লক্ষ্য নেই বাজেটে: জাতীয় মুক্তি কাউন্সিল
প্রস্তাবিত বাজেটে সাধারণ জনগণের জীবনযাত্রা স্বস্তিকর করার লক্ষ্য নেই বলে দাবি করেছে জাতীয় মুক্তি কাউন্সিল। শুক্রবার দলটির সম্পাদক ফয়জুল হাকিমের দেওয়া এক বিবৃতিতে এ দাবি করা হয়েছে।
প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়ায় বিবৃতিতে বলা হয়েছে, পদে পদে ভ্যাট ও করের জাল বিছিয়ে বাজেটে জনগণের পকেট কাটার ব্যবস্থা করা হয়েছে। চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধিকে প্রস্তাবিত বাজেট আরও ত্বরান্বিত করবে। সাধারণ জনগণের দুর্দশা ও দুর্ভোগ আরও বাড়বে বলেও বিবৃতিতে দাবি করা হয়েছে।
প্রস্তাবিত বাজেটে বড় অংশই মন্ত্রী-এমপি, আমলাদের বেতন এবং আরাম-আয়েশ ও বিলাসে ব্যয় হবে দাবি করে বিবৃতিতে বলা হয়েছে, মূল্যস্ফীতির লাগামহীন চাপে সাধারণ জনগণের জীবনযাত্রার ব্যয় যেখানে প্রতিনিয়ত বেড়েই চলেছে, সেখানে এই বাজেটে নিত্যপণ্যের ওপর করারোপ জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে দেবে।
আইএমএফ থেকে শর্তযুক্ত ঋণ নিয়ে বর্তমান সরকার এই ঋণের বোঝা জনগণের ঘাড়ের ওপর চাপিয়ে দিয়েছে বলেও বিবৃতিতে দাবি করা হয়।