‘প্রবাসী কার্ড’ দেওয়ার প্রতিশ্রুতি বিএনপির ইশতেহারে
ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের পাশাপাশি প্রবাসীদের ‘প্রবাসী কার্ড’ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিএনপির নির্বাচনী ইশতেহারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ শুক্রবার বিকেলে হোটেল সোনারগাঁওয়ের বলরুমে ইশতেহার ঘোষণা করে দলটি।
ইশতেহার পাঠ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব রুহুল কবির রিজভী।
বিএনপির ইশতেহারে বলা হয়েছে, প্রবাসীদের ‘প্রবাসী কার্ড’ দেওয়া হবে, যাতে তথ্য, দক্ষতা ও চাকরির শর্ত সংরক্ষণ থাকবে। ব্যাংক পেমেন্ট গেটওয়েতে যুক্ত থাকবে, থাকবে সহজ রেমিট্যান্স প্রেরণের সুবিধা। এতে রেমিট্যান্সে বাড়তি প্রণোদনা পাওয়া যাবে এবং দেশে ফেরত প্রবাসীদের সামাজিক সুরক্ষা প্রদান করা হবে।
ইশতেহারে আরও বলা হয়, প্রবাসী বাংলাদেশিদের প্রবাসীকল্যাণ ফাউন্ডেশনের সদস্যপদ দেওয়া হবে। মৃত্যু, দুর্ঘটনা বা চাকরি হারালে সহায়তা দেওয়া হবে। উদ্যোক্তা সহায়তায় ‘এসএমই’, ‘ভেঞ্চার ক্যাপিটাল’ প্রাপ্তির সুযোগ থাকবে। দেশে ফেরত প্রবাসীদের কর্মসংস্থান এবং তাঁদের পরিবারকে শিক্ষা-স্বাস্থ্য সুরক্ষা দেওয়া হবে। পুনরায় বিদেশযাত্রায় সহায়তা দেওয়া হবে।
এর আগে বেলা সাড়ে তিনটায় হোটেল সোনারগাঁওয়ের বলরুমে কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠান শুরু হয়। বিএনপি বলছে, ‘এই ইশতেহার কেবল নির্বাচনী প্রতিশ্রুতি নয়, এটি একটি নতুন সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তির ঘোষণা।’
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাত ধরে প্রথম জনশক্তি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছিল উল্লেখ করে দলটির ইশতেহারে বলা হয়, বিগত ফ্যাসিস্ট আমলে সিন্ডিকেট করে গুটিকয়েক এজেন্সি জনশক্তি রপ্তানি ব্যবসাকে কুক্ষিগত করে রাখে। সিন্ডিকেটের কারণে একদিকে যেমন জনশক্তি রপ্তানি ব্যয় অনেক বৃদ্ধি পায়, অন্যদিকে হাজারো মানুষ প্রতারিত হয়ে নানাভাবে ক্ষতিগ্রস্ত হন।
বিএনপি বৈদেশিক কর্মসংস্থানে বিরাজমান সিন্ডিকেট ও প্রতারণা বন্ধে এবং জনশক্তি রপ্তানির সব বাধা দূর করার উদ্যোগ নেবে বলে জানিয়েছে। প্রবাসীদের কল্যাণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করার কথাও জানিয়েছে দলটি।
ইশতেহারে বিএনপি বলেছে, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী জনশক্তিকে প্রস্তুত করতে অবকাঠামোগত ও গুণগত বৈপ্লবিক পরিবর্তন আনা হবে। প্রবাসীদের মানবাধিকারসহ সব অধিকার আদায়ে কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করা হবে।
পাঁচ বছরে এক কোটি জনশক্তি বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। এ লক্ষ্য অর্জনে উপজেলায় তালিকাভুক্তদের প্রশিক্ষণ, ভাতা প্রদান ও দরিদ্রদের শূন্য বা ন্যূনতম খরচে প্রবাসে প্রেরণ করা হবে। ১০ লাখ টাকা পর্যন্ত সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হবে বলে ইশতেহারে উল্লেখ করা হয়।
প্রবাসীদের জন্য বিমানবন্দর ও দূতাবাসে ঝামেলামুক্ত সম্মানজনক সেবা নিশ্চিত করার কথাও বলেছে বিএনপি। দলটি বলেছে, বিমানবন্দরে প্রবাসীদের ‘লাগেজ ফ্যাসিলিটির’ নিরাপত্তা নিশ্চিতে কঠোর নজরদারি কার্যক্রম গ্রহণ করা হবে।