বিএনপির মূল কৌশল বিশৃঙ্খলা সৃষ্টি ও নির্বাচন ভন্ডুলের অপচেষ্টা: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ
ছবি: তথ্য মন্ত্রণালয়ের সৌজন্যে

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপি যা–ই বলুক, তাদের মূল কৌশল দেশে বিশৃঙ্খলা সৃষ্টি এবং নির্বাচন ভন্ডুলের অপচেষ্টা করা, যা মির্জা ফখরুলের বক্তব্যে স্পষ্ট।

পবিত্র ঈদুল আজহার পর আজ রোববার প্রথম কর্মদিবসে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তথ্যমন্ত্রী। এ সময় সাংবাদিকেরা বিএনপির মহাসচিবের বক্তব্য ‘তাদের এক দফার আন্দোলনে কৌশলগত পরিবর্তন আনা হবে’ নিয়ে প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি কিছুদিন পরপরই কৌশল পরিবর্তন করে। কোনো সময় তারা হাঁটা, কোনো সময় বসা কর্মসূচি দেয়। কিন্তু তাদের মূল কৌশল দেশে বিশৃঙ্খলা সৃষ্টি এবং নির্বাচন ভন্ডুলের অপচেষ্টা।’

‘সরকারের পদত্যাগ ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না’ মির্জা ফখরুলের এ বক্তব্য যুক্তরাষ্ট্রের ভিসা নীতির পরিপন্থী কি না জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘মার্কিন ভিসা নীতিতে বলা হয়েছে, যারা নির্বাচন বাধাগ্রস্ত করবে, তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। ঘোষণা অনুযায়ী, যারা নির্বাচন ভন্ডুল করার চেষ্টা করবে, তাদের ওপরও এটি বর্তাবে।’

সরকারের সঙ্গে জামায়াতে ইসলামীর যোগাযোগ স্পষ্ট বলে বিএনপির মহাসচিবের দাবি জামায়াত অস্বীকার করেছে—এ বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জামায়াতে ইসলামী বিএনপির জোটে আছে। জোটের প্রধান শরিক তারা। আর দলটি সম্পর্কে যে বক্তব্য মির্জা ফখরুল দিয়েছেন, তা তো জামায়াতই অস্বীকার করেছে। তিনি বলেন, ‘জামায়াত যেহেতু একটি রাজনৈতিক দল, তারা সমাবেশ করতে চেয়েছে বলে অনুমতি দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে জামায়াতের কোনো যোগাযোগ নেই, যোগাযোগের প্রয়োজনও নেই।’

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও রেমিট্যান্স বেড়েছে, পাশাপাশি জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সহায়তা বৃদ্ধি পাচ্ছে—এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ব্যাংক থেকে আগেই বলা হয়েছিল যে দ্রুত আমাদের অর্থনীতি ইতিবাচক ধারায় ফিরবে। সেটির প্রতিফলন হয়েছে গত মাসে। আমাদের রেমিট্যান্সপ্রবাহ বেড়েছে।’ তিনি বলেন, গত বছরের একই সময়ের তুলনায় ৫৮ শতাংশ বেশি রেমিট্যান্স এসেছে। এক মাসে ২০২ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। একই সঙ্গে জাইকা ২ হাজার ২৭৩ কোটি টাকা ঋণ দেয়ার ঘোষণা দিয়েছে। সামনের দিনগুলোতে অর্থনীতি আরও চাঙা হবে।

দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘উৎসব-পার্বণে অন্য দেশগুলো পণ্যের মূল্য কমায়, আর আমাদের দেশের কিছু ব্যবসায়ী বাড়ায়। এটি অবশ্যই আমাদের জনগণের জন্য ভোগান্তি তৈরি করছে। যারা এটি করে, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া দরকার।’

অবৈধ আইপি টিভির বিরুদ্ধে অভিযানের সময়সীমা নির্ধারণ করা হয়েছে কি না জানতে চাইলে সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘এ বিষয়ে সময় নির্ধারণ করবে স্থানীয় জেলা প্রশাসন। আমরা তাদের চিঠি দিয়েছি, অবৈধভাবে পরিচালিত আইপি টিভি এবং ইউটিউবের নামে যারা চাঁদাবাজি ও মানুষের চরিত্র হনন করছে, তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয়। কোনো কোনো জেলা প্রশাসন ঈদের আগেই অভিযান পরিচালনা করেছে, বাকি জেলাগুলো প্রস্তুতি নিচ্ছে।’