৩ দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা জামায়াতেরও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে তিন দিনের অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কাল মঙ্গলবার (৩১ অক্টোবর), আগামী বুধ (১ নভেম্বর) ও বৃহস্পতিবার (২ নভেম্বর) সড়ক, রেল ও নৌপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে তারা।

আজ সোমবার এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুম।

বর্তমান সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, গ্রেপ্তার করা সব রাজনৈতিক নেতা ও আলেম-ওলামার মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, ২৮ অক্টোবর বিরোধী দলের মহাসমাবেশে হামলা, সাংবাদিক ও নেতা-কর্মীদের হত্যা এবং ‘সরকারের লেলিয়ে দেওয়া সন্ত্রাসীদের’ বিভিন্ন স্থানে গাড়িতে আগুন দেওয়া ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে জামায়াতে ইসলামী এ অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে এ টি এম মাছুম বলেন, বিরোধী দলের শান্তিপূর্ণ মহাসমাবেশে আওয়ামী সন্ত্রাসীরা হামলা করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাঁদানে গ্যাসের শেল ও গুলি ছুড়ে এবং বেধড়ক লাঠিপেটা করে মহাসমাবেশ পণ্ড করে দেয়। পুলিশের কাঁদানে গ্যাসের শেল ও গুলির আঘাতে সাংবাদিক, বিএনপির নেতা-কর্মীসহ চারজন নিহত এবং কয়েক হাজার নেতা–কর্মী আহত হয়েছেন। মহাসমাবেশ ও হরতালকে কেন্দ্র করে গত কয়েক দিনে সারা দেশে জামায়াতে ইসলামীসহ বিরোধী দলের প্রায় দুই হাজার নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।