সমাবেশ ও বিবৃতি
ডিজিটাল নিরাপত্তা আইন ‘একনায়কতন্ত্রের নিরাপত্তা আইন’: ছাত্র ইউনিয়ন
খাদিজার পাশাপাশি বঙ্গবন্ধু সরকারি কলেজের ছাত্র মো. ইসমাঈলের মুক্তি দাবি করেছে ছাত্র ইউনিয়ন।
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র ইউনিয়ন। তারা এই আইনকে ‘একনায়কতন্ত্রের নিরাপত্তা আইন’ বলে আখ্যা দিয়েছে। পাশাপাশি তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী খাদিজাতুল কুবরা, বঙ্গবন্ধু সরকারি কলেজের ছাত্র মো. ইসমাঈলসহ ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার সবার মুক্তি দাবি করে।
আজ বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করে ছাত্র ইউনিয়নের একাংশ। সেখানে সংগঠনটির নেতারা প্রস্তাবিত উপাত্ত সুরক্ষা আইন বাতিলেরও দাবি জানান।
সমাবেশে ছাত্র ইউনিয়নের একাংশের সহকারী সাধারণ সম্পাদক মেঘমল্লার বসু বলেন, ডিজিটাল আইনের লক্ষ্য জনগণকে নিরাপত্তা দেওয়া নয়। এ আইনের উদ্দেশ্য মূলত ক্ষমতাসীনদের সুরক্ষা দেওয়া। প্রস্তাবিত উপাত্ত সুরক্ষা আইনের উদ্দেশ্যও তা–ই।
সংগঠনের এই অংশের আরেক সহকারী সাধারণ সম্পাদক তাসবিবুল গনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন একটি কালো আইন। এই আইন জনগণের মুখ বন্ধ করে দিচ্ছে। এই কালো আইনের বিরুদ্ধে সবাইকে এক হতে হবে।
ছাত্র ইউনিয়নের একাংশের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শিমুল কুম্ভকার বলেন, ‘অপকর্ম ফাঁস হওয়ার পথ বন্ধ করতে এই আইন করা হয়েছে। আমাদের জানমাল, বেঁচে থাকা, চলাফেরা ও মত প্রকাশের স্বাধীনতার নিরাপত্তা দরকার। লুটপাটের কারখানা চালিয়ে যেতে আওয়ামী লীগ জনগণের ওপর ডিজিটাল নিরাপত্তা আইনের খড়্গ চালিয়ে যাচ্ছে।
ছাত্র ইউনিয়নের সাংস্কৃতিক সম্পাদক সংহতি ঘোষ বলেন, এই সরকার মানুষের জীবনের মানোন্নয়ন চায় না। তারা মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। এই সরকারের টনক নড়াতে হলে কথা বলতে হবে।
ছাত্র ইউনিয়নের এই অংশের সভাপতি রাগীব নাঈমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাকিবুল রনির সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে সংগঠনের সাংগঠনিক সম্পাদক তামজীদ হায়দার, দপ্তর সম্পাদক মাঈন আহমেদ, ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।