বিদেশে পলাতক নেতাদের উসকানিতে পা দিলে শান্তিতে থাকতে পারবেন না: গণ অধিকার পরিষদের হুঁশিয়ারি

‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে’ রাজধানীর পল্টনে সোমবার রাতে বিক্ষোভ মিছিল করেছে গণ অধিকার পরিষদ। ২২ জুন, ২০২৬ছবি: প্রথম আলো।

বিদেশে পলাতক নেতাদের উসকানিতে পা দিলে আওয়ামী লীগের সাধারণ কর্মীরা আর ‘শান্তিতে থাকতে পারবেন না’ বলে হুঁশিয়ারি দিয়েছে গণ অধিকার পরিষদ। দলটির সাধারণ সম্পাদক হাসান আল মামুন সোমবার রাতে রাজধানীতে এক বিক্ষোভ মিছিলে এই হুঁশিয়ারি দেন।

‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে’ সোমবার রাত আটটায় রাজধানীর পল্টনে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পল্টন মোড় ও জাতীয় প্রেসক্লাব এলাকা প্রদক্ষিণ করে আবার কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে হাসান আল মামুন বলেন, ‘আওয়ামী লীগের যেসব নিরীহ কর্মী এখন শান্তিতে আছেন, তাঁরা কোনো উসকানিতে পা দেবেন না। বিদেশে পলাতক নেতাদের কথায় উসকানিতে পা দিলে আপনারা আর শান্তিতে থাকতে পারবেন না।’

হাসান আল মামুন অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ জুলাই গণ–অভ্যুত্থানে দুই হাজার মানুষকে হত্যা করেছে। তারা যদি আবারও বাসে অগ্নিসংযোগ বা নৈরাজ্য করে মানুষের ক্ষতি করার চেষ্টা করে তাহলে বাংলার মাটি থেকে দলটির নাম চিরতরে মুছে ফেলা হবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ একটি জঙ্গি সংগঠন, তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। আগামীকাল (মঙ্গলবার) দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোনো নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে তা শক্তভাবে প্রতিহত করা হবে।

এ সময় হাসান আল মামুন ২৩ জুন মঙ্গলবার সারা দেশে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ঘোষণা করেন।

সমাবেশে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রম ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে। মঙ্গলবার সারা দেশে সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য দলটি গোপন প্রস্তুতি নিচ্ছে বলে তাঁদের কাছে তথ্য রয়েছে। এ বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকার পাশাপাশি গণ–অভ্যুত্থানের পক্ষের শক্তিকেও মাঠে থাকার আহ্বান জানান তিনি।

গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি নিজামউদ্দিনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আবদুর রহমান, যুব অধিকার পরিষদের সবুজ সেরনিয়াবাত, মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিল প্রমুখ।