সংসদের প্রথম অধিবেশনে নতুন ইতিহাস রচিত হবে: মির্জা ফখরুল
আগামীকাল বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে নতুন ইতিহাস রচিত হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশের মানুষ নতুন যে গণতন্ত্রের আশা করছে, এই সংসদের মাধ্যমে সেই গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে।
আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যৌথ উদ্যোগে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এ কথা বলেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সম্পূর্ণ নিরপেক্ষভাবে জনগণের সমর্থনের মধ্য দিয়ে, তাঁদের আস্থা নিয়ে একটি নতুন সরকার গঠিত হয়েছে। আগামীকাল সেই সংসদের প্রথম অধিবেশন। দেশের মানুষ আশা করে আছে এই সংসদে নতুন যে গণতন্ত্রের কথা আমরা চিন্তা করছি, সেই গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, ‘আমরা সংসদকে সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করার চিন্তা করছি। সেই লক্ষ্যে যেন এগিয়ে যেতে পারি, আজকের দিনে এটাই আল্লাহর কাছে আমাদের প্রার্থনা।’
বাংলাদেশের রাজনীতিতে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আজকে বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। আসুন, যাঁরা গণতন্ত্রে বিশ্বাস করি, উদার গণতন্ত্রে বিশ্বাস করি, গণমাধ্যমে বিশ্বাস করি, তাঁরা সবাই সেই সুযোগকে কাজে লাগিয়ে সত্যিকার অর্থেই বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, উদারপন্থী রাষ্ট্র হিসেবে আমরা প্রতিষ্ঠা করি।’
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা সংবাদপত্রের স্বাধীনতার কথা বলি, গণমাধ্যমের স্বাধীনতার কথা বলি। আমাদের অবশ্যই এটিকে বিশ্বাস করতে হবে এবং সেই বিশ্বাসে কাজ করতে হবে। আমরা যেন আবার সেই ফ্যাসিস্টদের মতোই সাংবাদিকদের ওপর চড়াও না হই, এ কথাটা আমাদের সব সময় মনে রাখা প্রয়োজন। সত্যিকার অর্থেই মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা করা আমাদের সরকারের লক্ষ্য হওয়া উচিত।’
মির্জা ফখরুল বলেন, ‘এক মুক্ত পরিবেশে আমরা ইফতারে মিলিত হতে পেরেছি। অনেক সংগ্রাম, অনেক লড়াই এই প্রেসক্লাবের। আমাদের সংগ্রামে সাংবাদিকদের কাছ থেকে যে সহযোগিতা পেয়েছি, সেটি আমরা সব সময় স্মরণ করব।’ এ সময় তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে স্মরণ করে বলেন, তিনি সব সময়ই গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে অত্যন্ত চমৎকার সম্পর্ক রাখতেন।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খুরশীদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গনি চৌধুরী।