সে আমেরিকার দূতাবাসে আমাদেরকে জঙ্গি হিসেবে উপস্থাপন করে: চরমোনাইর পীর

সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম। আজ বুধবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়েছবি: প্রথম আলো

জামায়াতে ইসলামীর নেতারা ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে গিয়ে তাঁদের জঙ্গি হিসেবে উপস্থাপন করেন বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম। তিনি বলেন, ‘বিভিন্ন জায়গায় দেখেছি, আমেরিকার সাথে তারা (জামায়াতে ইসলামী) বৈঠক করে, সেখানে আমাদের উগ্রবাদী হিসেবে তারা উপস্থাপন করেছে।’

আজ বুধবার বিকেলে ‘জনপ্রত্যাশার ইশতেহার’ নামে ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় ইশতেহার ঘোষণাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন দলের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম। রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে ইশতেহার ঘোষণা করা হয়। এ সময় দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

চরমোনাইর পীর হিসেবে পরিচিত রেজাউল করিম বলেন, ‘বাংলাদেশের কোনো দলীয় নেতা আজ পর্যন্ত বাংলাদেশে জঙ্গি আছে, উগ্রবাদী আছে, কোনো নেতা বলছে, এ রকম ইতিহাস বাংলাদেশে নাই। কারণ, বাংলাদেশকে কেউ কলঙ্কিত করতে চায় নাই। কিন্তু আমাদের দুঃখসহকারে বলতে হয় যে জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মুহাম্মদ তাহের সাহেব, সে আমেরিকার দূতাবাসে আমাদের জঙ্গি হিসেবে উপস্থাপন করে।’

জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করেন সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম। তিনি বলেন, ‘আমেরিকার সঙ্গে গোপনে বৈঠক, ভারতের সঙ্গে গোপনে বৈঠক; বৈঠক হতেই পারে, সেখানে গোপন কেন এবং ভারত থেকে তো পরিষ্কার বলেছে যে এটা ধারাবাহিকতার অংশ, তাহলে বুঝাল, তাদের বৈঠক আরও আগে অনেক হয়েছে।’

জামায়াতে ইসলামীসহ ১১ দলের নির্বাচনের সমঝোতা থেকে বেরিয়ে যাওয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসলামী আন্দোলনের আমির বলেন, জামায়াত নেতৃত্বাধীন জোটে ইসলামী আদর্শ ও ঐক্যের অভাব রয়েছে এবং এ ধরনের রাজনৈতিক অবস্থান জাতির সঙ্গে প্রতারণার শামিল। এ কারণেই ইসলামী আন্দোলন বাংলাদেশ ওই জোটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে।

যেখানে নিজেদের ভেতরে সৌহার্দ্য থাকে না, তাদের সঙ্গে থাকলে জাতি ধোঁকা খাবে উল্লেখ করে রেজাউল করিম বলেন, ‘বাংলাদেশের মানুষ ধোঁকায় পড়বে এবং বাংলাদেশ সুন্দর হওয়ার পরিবর্তে একটা অসুন্দর দেশ হবে।’ সে জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সেখান থেকে বেরিয়ে এসেছে বলে জানান তিনি।