জামায়াত মঙ্গলবার ঢাকায় সমাবেশ করতে চায়, অনুমতি দেয়নি পুলিশ
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আগামীকাল মঙ্গলবার সমাবেশ করতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ সোমবার সংবাদ সম্মেলন করে দলটি সমাবেশ করার ঘোষণা দেয়। তবে পুলিশ বলছে, জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়া হবে না।
রাজধানীর একটি মিলনায়তনে আজ বিকেলে জামায়াতের ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) শাখার সংবাদ সম্মেলন শেষে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে সমাবেশের ঘোষণা দেওয়া হয়।
তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, জামায়াতের আমির শফিকুর রহমানসহ গ্রেপ্তার সব নেতা কর্মী ও আলেম-ওলামাদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে এ সমাবেশ করার ঘোষণা দেয় তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল। এতে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত আমির আবদুর রহমান প্রমুখ।
লিখিত বক্তব্যে বলা হয়, দেশব্যাপী জামায়াত ঘোষিত শান্তিপূর্ণ মিছিলে হাজার হাজার লোকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জামায়াতের দাবির প্রতি দেশবাসীর সমর্থন প্রমাণ করে। ইতিমধ্যে সমাবেশ বাস্তবায়নে সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে।
জামায়াতকে সভা-সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে ২৪ জুলাই দলটি সংবাদ সম্মেলন করে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছিল। সেই কর্মসূচির একটি মঙ্গলবার ঢাকায় সমাবেশ। ২৪ জুলাই কর্মসূচির বিষয়ে আইজিপিকে লিখিতভাবে জানায় দলটি। পরের দিন সকালে ই-মেইলে এবং বিকেলে জামায়াতের একটি প্রতিনিধিদল ডিএমপি কমিশনারকে এ বিষয়ে চিঠি দিয়ে আসে।
তবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক আজ রাতে প্রথম আলোকে বলেন, ‘আমরা জামায়াতকে সমাবেশ করার অনুমতি দিচ্ছি না।’
১৮ নেতা-কর্মী আটক
মেহেরপুর সদর ও নরসিংদীর শিবপুর উপজেলা থেকে জামায়াতের ১৮ নেতা-কর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মেহেরপুরে বিক্ষোভ সমাবেশ আর শিবপুরে মিছিল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন জামায়াত নেতারা।
মেহেরপুর সদর উপজেলা আমঝুপি বাজার এলাকা থেকে গতকাল রোববার বিকেলে আটক করা হয় ১২ নেতা-কর্মীকে। তাঁরা হলেন নুরুল হুদা (৫১), পারভেজ হোসেন (৪৪), আসকার আলী (৫৫), সামাদ হোসেন (৫৪), আশিকুর রহমান (৪০), মনিরুল ইসলাম (৪৫), শাজাহান আলী (৫০), পারভেজ মিয়া (৩৮), আবদুল ওহাব (৫৫), কালু শেখ (৪৮), শারজেন আলী (৪৫) ও খবির মিয়া (৪৭)।
জেলা জামায়াতের আমির তাজুল ইসলাম বলেন, বিক্ষোভ সমাবেশ কর্মসূচি চলাকালে সদর থানা-পুলিশ তাঁদের নেতা-কর্মীদের আটক করে। তবে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, জামায়াতের নেতা-কর্মীরা নাশকতার পরিকল্পনা করতে জড়ো হলে পুলিশ ১২ জনকে আটক করে।
গতকাল রোববার বিকেলে নরসিংদীর শিবপুরের পুটিয়া ইউনিয়নের ত্রিমোহনী এলাকা থেকে জামায়াতের ছয় নেতা-কর্মীকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁরা হলেন জয়নাল আবেদীন (৬২), মো. আবদুল মান্নান (৬৩), কাজী নূর মোহাম্মদ (৪৪), মো. জসীম উদ্দীন ভূঁইয়া (৫২), মো. ফেরদৌস আহমেদ (৪২) ও মো. নাজির উদ্দিন ভূঁইয়া (৪৮)।
তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ১৫টি হাতবোমা উদ্ধারের তথ্য জানিয়েছেন জেলা ডিবির ওসি খোকন চন্দ্র সরকার। তবে জামায়াতের জেলা আমির মুসলেহ উদ্দিন বলেন, শান্তিপূর্ণ মিছিল থেকে ছয়জনকে আটকের পর বোমা উদ্ধারের মিথ্যা অভিযোগ করছে পুলিশ।
(তথ্য দিয়ে সহায়তা করেছেন মেহেরপুর ও নরসিংদী প্রতিনিধি)