মানুষ পরিবর্তন চায়, এই সরকারকে সরাতে চায়: ফখরুল
আওয়ামী লীগ সরকার অত্যন্ত পরিকল্পিত ও সুচিন্তিতভাবে বাকশাল প্রতিষ্ঠা করতে চাচ্ছে বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর দাবি, বাকশাল প্রতিষ্ঠার জন্যই সংবিধানের পঞ্চদশ সংশোধনী (তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতি বাতিল হয়) নিয়ে আসা হয়েছে। একটু ভিন্নভাবে, ভিন্ন মোড়কে। এই বিষয়গুলো মানুষের কাছে পরিষ্কার।
‘পঞ্চদশ সংশোধনীর সাংবিধানিকতা: নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার এখনো সংবিধানসম্মত’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন মির্জা ফখরুল। বুধবার বিকেলে বিএনপির উদ্যোগে রাজধানীর গুলশানের হোটেল সিক্স সিজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে যুক্তরাষ্ট্র, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।
সেমিনারে মির্জা ফখরুল বলেন, ‘আমরা খুব পরিষ্কার করে বলেছি, এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না।’ তিনি বলেন, আন্দোলন করেই তত্ত্বাবধায়কের দাবি মানতে সরকারকে বাধ্য করা হবে। জনগণের প্রতিনিধি হয়ে যদি ক্ষমতায় যেতে হয়, তাহলে অবশ্যই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। অতীতে চার থেকে পাঁচটা নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে। সেসব নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য ছিল।
মির্জা ফখরুল বলেন, মানুষ পরিবর্তন চায়। তারা এই সরকারকে সরাতে চায়। তিনি বলেন, ‘আমরা এই সরকারের পদত্যাগ চাই, এই সংসদের বিলুপ্তি চাই এবং একটি তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ সরকার বা নির্দলীয় সরকার যে নামেই বলি না কেন, সেই সরকারের অধীনে নির্বাচন চাই।’
বিএনপি মহাসচিব উল্লেখ করেন, ২০০৬ সালের ১২ ফেব্রুয়ারি সংসদে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার দেওয়া বক্তৃতার একটি অংশ ছিল, তত্ত্বাবধায়ক সরকার সংস্কার করার বিষয়ে। সেখানে তিনি বলছেন সাংবিধানিক ধারাকে অক্ষুণ্ন রেখে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করতে সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিধানকে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কার্যকর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। অর্থাৎ ২০০৬ সালেও সংস্কারের কথা বলে তিনি তত্ত্বাবধায়ক সরকারের বিধানকে কার্যকর করার কথা বলেছেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার জেনারেল ইকতেদার আহমেদ। তিনি বলেন, যে রায়ের কথা বলে তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতি বাতিল করা হয়েছিল, সেই রায়ে আরও দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে, এমনটা উল্লেখ ছিল। সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ রায়ের আগেই সরকার পঞ্চদশ সংশোধনী এনে তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতি বাতিল করেছে।
ইকতেদার আহমেদ বলেন, নির্বাচন নিয়ে ১৯৯১ সালেও সমস্যা হয়েছিল, ১৯৯৬ সালেও সমস্যা হয়েছিল। তখন কীভাবে সমাধান করা হয়েছিল! অতীতে যেভাবে সমাধান করা হয়েছিল রাজনৈতিক সমঝোতার মাধ্যমে, এখনো রাজনৈতিক সমঝোতার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে। তিনি বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে ক্ষমতাসীনরাই আবার জয়ী হয়। সুতরাং দলীয় সরকারের অধীনে আবার নির্বাচন হলে ফল কী হতে পারে তা তো আগেই অনুমান করা যায়।
এই সরকার তত্ত্বাবধায়ক সরকার দেবে না, তা আদায় করে নিতে হবে বলে সেমিনারে উল্লেখ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, আন্দোলনের বিকল্প নেই। কোনো কিছু অর্জন করার আগেই ভাগাভাগিতে গেলে তা অর্জন করা সম্ভব হবে না।
সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, বরকতউল্লা, আবদুল আউয়াল মিন্টু, আহমেদ আজম খান, এ জেড এম জাহিদ হোসেন, নিতাই রায় চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম, বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
সংকট ‘রাজনৈতিক’
সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন বেপারী দাবি করেন, গত দুটি নির্বাচন ছিল ‘বাকশাল প্রতিষ্ঠার ধারাবাহিকতা’।
নির্বাচনপদ্ধতি নিয়ে বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এর জন্য সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের ওপর দায় চাপান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন।
তত্ত্বাবধায়ক–পদ্ধতি বাতিলে যাঁরা রায় দিয়েছেন, তাঁদের একদিন কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে মন্তব্য করেন গণফোরাম নেতা অধ্যাপক আবু সাইয়িদ।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, তত্ত্বাবধায়ক নিয়ে চলমান সংকট সাংবিধানিক সংকট নয়, এটা রাজনৈতিক সংকট।
আর ‘দুই উপায়ে বর্তমান সংকটের সমাধান সম্ভব বলে মনে করেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান জেনারেল (অব.) মোহাম্মদ ইবরাহিম বীর প্রতীক। তাঁর মতে, হয় জনগণকে নিয়ে রাজপথে নেমে এই সমস্যার সমাধান করতে হবে; না হয় আদালতের মাধ্যমে এই সংকটের সমাধান করতে হবে।
বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য দেন জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান, সাবেক সচিব ইসমাইল জবিহউল্লাহ, সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম, জাতীয়তাবাদী সমমনা জোটের নেতা ফরিদুজ্জামান প্রমুখ।