আন্দোলন করতে পারলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে: সৈয়দ মুহাম্মদ ইবরাহিম
বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেছেন, আওয়ামী লীগের লোকজন বলছে, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে আসবে না। কিন্তু ১৯৯৬ সালে আন্দোলনের কারণে তত্ত্বাবধায়ক সরকার দিতে বাধ্য হয়েছিল বিএনপি। ওই সময়ের মতো আন্দোলন করতে পারলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে।
সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় সৈয়দ মুহাম্মদ ইবরাহিম এসব কথা বলেন। ‘নির্দলীয় সরকারের অধীন জাতীয় নির্বাচন ও জনগণের প্রত্যাশা’ শীর্ষক এ আলোচনা সভায় আয়োজন করে সমমনা রাজনৈতিক দলগুলো।
সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, রাজনৈতিক দলগুলোর আত্মসমালোচনা থাকা দরকার। দেশের অর্জন, উন্নয়ন বা অবনতির জন্য কোনো রাজনৈতিক দল এককভাবে দায়ী নয়। তিনি বলেন, দেশের জনগণের সম্পদের ক্ষতি করার অধিকার সরকারের নেই। দেশের অর্জনকে রক্ষা করার জন্য সরকারের পরিবর্তন দরকার।
সমমনা রাজনৈতিক দলগুলোর সমন্বয়ক আহসান উল্লাহ শামীমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, দৈনিক বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান আবু তাহের, তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির, জাতীয় লীগের নেতা শাহরিয়ার ইফতেখার ফুয়াদ প্রমুখ।